২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ক্লাসিকোর আগে ভালদেবেবাসে অনুশীলনে এমবাপে

বার্সেলোনা ম‍্যাচ দিয়ে মাঠে ফিরতে উন্মুখ রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ক্লাসিকোর আগে ভালদেবেবাসে অনুশীলনে এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 10:43 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

মৌসুমের শেষ ক্লাসিকোয় খেলার জন‍্য তৈরি হচ্ছেন কিলিয়ান এমবাপে। চোটে মাঠের বাইরে থাকা রেয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড ঘাম ঝরাচ্ছেন ভালদেবেবাসে।

গত ২৪ এপ্রিল, লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে হ‍্যামস্ট্রিংয়ে চোট পান এমবাপে। এজন্য গত রোববার এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।

আগামী রোববার কাম্প নউয়ে বার্সেলোনা ম‍্যাচ দিয়ে মাঠে ফিরতে উন্মুখ এমবাপে। 

লিগে চার রাউন্ড বাকি থাকতে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা। আর এবারও শিরোপাশূন‍্য মৌসুম শেষ করার দুয়ারে রেয়াল। তবে দৃশ‍্যত বার্সেলোনার বিপক্ষে খেলার জন‍্য খুব চেষ্টা করছেন এমবাপে। যদিও বিশ্বকাপের মাসখানেক আগে চোটের বড় ঝুঁকি নেওয়ার কোনো অর্থ নেই।

রেয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্দা গিলের, অহেলিয়া চুয়ামেনি, ফেরলঁদ মঁদি খেলবেন না ক্লাসিকোয়। বার্সেলোনার লামিনে ইয়ামালের না খেলা নিশ্চিত। রাফিনিয়ার খেলা এখনও নিশ্চিত নয়। শেষ পর্যন্ত যদি এমবাপেও বাইরে থাকেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। 

৩৪ ম‍্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ম‍্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে প্রতিযোগিতার সফলতম দল রেয়াল।

এই ম্যাচে হার এড়ালেই শিরোপা ধরে রাখবে হান্সি ফ্লিকের দল।