‘এই জার্মানি ইউরো জিততে পারে’, বিশ্বকাপজয়ী ফুটবলারের বিশ্বাস
ইউরোতে এবার জার্মানির প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স দেখেই নিজের পুরোনো ভাবনা বদলে গেছে সাবেক জার্মান মিডফিল্ডার ওলাফ থোনের।
গত কয়েক বছরে জার্মানির ফুটবল ঘিরে প্রত্যাশার জায়গা ছিল খুবই কম। সমর্থকরা অনেক সময় আশায় বুক বাঁধলেও এবার ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে ফুটবলবোদ্ধারা বাস্তবিক সম্ভাবনা দেখছিলেন কমই। তবে আসরে প্রথম দুই ম্যাচ খেলেই অনেকের ভাবনা বদলে দিতে পেরেছে দলটি। এই যেমন, ইউলিয়ান নাগেলসমানের দলকে শিরোপার বড় দাবিদার হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপজয়ী ফুটবলার ওলাফ থোন।
গত দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এই দুইয়ের মাঝে ২০২০ ইউরোয় তারা কোনোমতে গ্রুপ পর্বের বৈতরনী পার হলেও আটকে যায় শেষ ষোলোয়। এই কয় বছরে তাদের পারফরম্যান্স ছিল একেবারে সাদামাটা, ব্যর্থতার বৃত্তে বন্দী। ২০২৩ সালে তাদের পারফরম্যান্স ছিল সবচেয়ে বাজে। ওই বছর ১১ ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছিল দলটি, ড্র করেছিল দুটি।
এই বছরের শুরুতে সেই দুঃসময়কে পেছনে ফেলার ইঙ্গিত দেয় তারা। গত মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্সকে তাদেরই মাঠে হারোনার পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় নাগেলসমানের দল। ইউরোয় খেলার আশায় ওই দুই ম্যাচ দিয়ে অবসর ভেঙে ফেরেন মাঝমাঠের কাণ্ডারি টনি ক্রুস।
তারপরও দলটিকে ঘিরে বাস্তবিক অর্থে অতি আশাবাদী হওয়ার লোক খুব বেশি হয়তো ছিল না। সাবেক মিডফিল্ডার, ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য থোনই যেমন প্রত্যাশার ব্যপ্তিটাকে কম রেখেছিলেন। কিন্তু তার ভাবনাও এখন বদলে গেছে।
৫৮ বছর বয়সী থোনের জন্ম জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে। ১৯৮৮ সালের ইউরোয় গ্রুপ পর্বের ম্যাচে নিজ শহরে ডেনমার্কের বিপক্ষে চমৎকার একটি গোল করে স্মরণীয় হয়ে আছেন থোন। খেলোয়াড়ী জীবন শেষে তিনি খেলাটিতে জড়িয়ে আছেন বুন্ডেসলিগা আর জার্মান জাতীয় দলের বিশেষজ্ঞ পর্যালোচক হিসেবে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এবারের ইউরোয় জার্মানির সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে থোন বলেন, প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের বিচারে তারা ফেভারিটের কাতারে উঠে এসেছে।
“গত বছর আমাকে জিজ্ঞাসা করলে ভবিষ্যদ্বাণী করতাম যে, জার্মানি খুব বেশিদূর যেতে পারবে না। কিন্তু, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখার পর এবং অন্যান্য কয়েকটি ভালো দল, যেমন স্পেন ও ফ্রান্সের পারফরম্যান্স বিবেচনায়, আমি বলব নিশ্চিতভাবেই আমরা তাদের সঙ্গে সমান তালে লড়তে পারব।”
“আমাদের ঘরের মাঠে খেলার সুবিধা আছে, দ্বাদশ খেলোয়াড় হিসেবে সমর্থকদের পাশে নিয়ে…আর এখন, আমার বিশ্বাস জার্মানিকে ঘিরে সবকিছু সম্ভব। আমরা শিরোপা জিততে পারি।”
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করা জার্মানি পরের ম্যাচে হাঙ্গেরিকে অনায়াসে হারায় ২-০ গোলে। আসরের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে নকআউট পর্ব।
এই সাফল্যই কোচ নাগেলসমানকে কিছুটা কঠিন অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে করেন থোন। ছোট পরিসরের টুর্নামেন্টে শেষ পর্যন্ত গেলে একটা দলকে গড়ে প্রতি চার দিনে একটা করে ম্যাচ খেলতে হবে। ব্যস্ত ক্লাব মৌসুমের পর এমন ব্যস্ততা খেলোয়াড়দের ওপর আরও চাপ তৈরি করবে।
তাই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্য পরের ম্যাচটিই নাগেলসমানের সামনে একমাত্র উপায়। তবে এর উল্টো দিকও আছে বলে মনে করেন থোন।
“সব প্রধান কোচেরই আশা থাকে তার একই একাদশকে নিয়মিত মাঠে নামানোর। তবে, ‘বিজয়ী দলকে কখনও বদলাবে না’ এই তত্ত্বের একটা নেতিবাচক দিকও আছে। যেহেতু আগেভাগেই আমরা পরের ধাপে খেলা নিশ্চিত করেছি, সেহেতু কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া সম্ভব, দলে বেশকিছু পরিবর্তন আনা সম্ভব, আরও ৫-৬ জনকে সম্পৃক্ত করা সম্ভব।”
“আমার অবশ্য ধারণা, চোট সমস্যা না থাকলে শুরু একাদশে নাগেলসমান একই খেলোয়াড়দেরই নামাবে, যদি কেউ চোট না পেয়ে থাকে। তবে খেলোয়াড়দের কাজের চাপ কমাতে এবং পরিকল্পনা ঠিক করতে গ্রুপ পর্বই সেরা সময়।”
গ্রুপে শেষ রাউন্ডে সোমবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। এই ম্যাচে হার এড়ালেই গ্রুপ সেরা হবে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
