২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লড়াই কঠিন, তবে লিভারপুলের আশার শেষ দেখছেন না রবার্টসন

শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেক পিছিয়ে পড়লেও এখনই সম্ভাবনা শেষ নয় বলেই মনে করেন লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

গত মৌসুমে শিরোপা জয়ের পথে ৩৮ ম্যাচে চারটিতে হেরেছিল লিভারপুল। এবার প্রথম ১১ ম্যাচেই পাঁচ পরাজয়ের স্বাদ তারা পেয়ে গেছে। শিরোপা লড়াইয়েও আপাতত তারা অনেক পিছিয়ে। সামনের লড়াইটা যে অনেক কঠিন, তা মানছেন ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনও। তবে এত দ্রুতই নিজেদের সম্ভাবনার সমাপ্তি দেখছেন না তিনি।

দলবদলের বাজারে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৪৪ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করেও নতুন মৌসুমে ধুঁকছে লিভারপুল। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও রোববার তারা ৩-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে।

১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় গতবারের চ্যাম্পিয়নরা এখন আছে আট নম্বরে।

লিগে আপাতত আন্তর্জাতিক ম্যাচের বিরতি। লিভারপুলের পরের ম্যাচ আগামী ২২ নভেম্বর। ফেরার পর দলকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, জানেন রবার্টসন। তবে পয়েন্ট তালিকায় অবস্থান নিয়ে এত দ্রুতই দুর্ভাবনার কিছু নেই বলে তিনি উল্লেখ করলেন ক্লাবের ওয়েবসাইটে সাক্ষাৎকারে। 

“অবশ্যই নিজেদের সামনে পাহাড়সমান চ্যালেঞ্জ বয়ে এনেছি আমরা। তবে আমার মনে হয় না, লিগের মাঝপথে যাওয়ার আগ পর্যন্ত কোনো দল কোনো দল সত্যিকার অর্থেই পয়েন্ট তালিকায় তাকাবে। আমাদেরকে আরও ধারাবাহিকভাবে পয়েন্ট আদায় করতে হবে। এরপর আমরা দেখব, ক্রিসমাসের সময় বা ওই পর্যায়ে গিয়ে অবস্থান কোথায়।”

লিভারপুলের ড্রেসিং রুমে ট্রফি নিয়ে কোনো কথাই এখনও হচ্ছে না বলে দাবি তার। ৩১ বছর বয়সী ডিফেন্ডার বললেন, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তারা। 

“অবস্থান যেমনই হোক, আমার মনে হয় না, এখনই কেউ শিরোপা নিয়ে আলোচনা করতে পারে। এমনকি শিরোপার বিবেচনায় আসার জন্য হলেও আরও ধারাবাহিকভাবে ম্যাচ জিততে হবে একের পর এক। আমাদের ড্রেসিং রুমে এখনও এটা (শিরোপা) নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না।”