২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামের জরিমানা, খেলতে পারবেন সুইসদের বিপক্ষে

ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডারকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে নামার আগে বড় একটা ধাক্কা থেকে বেঁচে গেল ইংল্যান্ড। অশালীন অঙ্গভঙ্গির জন‍্য শাস্তি পেলেও শনিবারের ম্যাচটিতে খেলতে পারবেন জুড বেলিংহ্যাম। 

স্লোভাকিয়ার বিপক্ষে গোল করে ওই কাণ্ড ঘটিয়ে ম্যাচে রেফারির কার্ড থেকে বেঁচে যান বেলিংহ্যাম। তবে ঘটনার তদন্ত করে ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডারকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

উয়েফা শুক্রবার এক বিবৃতিতে বেলিংহ্যামের এই শাস্তির কথা জানায় উয়েফা। তার এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

রেয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী এই ফুটবলারকে ৩০ হাজার ইউরো জরিমানাও করেছে উয়েফা।

গত রোববার শেষ ষোলোর লড়াইয়ে স্লোভাকিয়ার বিপক্ষে এই কাণ্ড ঘটান বেলিংহ্যাম। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে হারের মুখে থাকা ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাইসাইকেল কিকে করা তার ওই গোলে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। পরে অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ২-১ গোলের জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় গত ইউরোর রানার্সআপরা।

ওই গোলটি করার পর উদযাপনের সময় স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে অশালীন ভঙ্গি করেন বেলিংহ্যাম। রেয়াল তারকার ওই কাণ্ড টিভি ক্যামেরায় ধরা পড়েনি। তবে ম্যাচের পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়।

এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি বা আপত্তিকর আচরণ লাল কার্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচে রেফারির কার্ড থেকে বেঁচে গেলেও বেলিংহ্যামের শাস্তি পাওয়ার ঝুঁকি ছিলই। সেটিই হলো শেষ পর্যন্ত।

বেলিংহ্যাম অবশ্য সামাজিক মাধ্যম এক্স-এ দাবি করেছেন, তার এই অঙ্গভঙ্গি ছিল ‘ঘনিষ্ঠ বন্ধুদের’ উদ্দেশ্যে।

এর আগে গত মৌসুমে লা লিগায় রেয়াল-ভালেন্সিয়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন বেলিংহ্যাম। রেফারির দিকে ‘অসম্মানজনক আচরণ’ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।