দলের ছন্দপতনে চিন্তিত নন পিএসজি কোচ
সবশেষ তিন ম্যাচে পিএসজির গোল কমে যাওয়ার পেছনে আন্তর্জাতিক বিরতির দায় দিতে চান না লুইস এনরিকে।
প্রতিপক্ষের জালে গোলের উৎসব দিয়ে মৌসুম শুরু করা পিএসজি হঠাৎই যেন হারিয়েছে ছন্দ। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর কমেছে তাদের গোল। তবে এটি নিয়ে চিন্তার কিছু দেখছেন না কোচ লুইস এনরিকে।
চলতি মৌসুমের লিগ আঁর প্রথম তিন ম্যাচে ১৩ গোল করেছিল পিএসজি। এরপর ফুটবলাররা চলে যান আন্তর্জাতিক বিরতিতে। ফেরার পরের তিন ম্যাচে তাদের গোল ৫টি। এর মধ্যে সবশেষ দুই ম্যাচে একটি করে গোল দিয়ে কোনোমতে পরাজয় এড়ায় তারা।
শুক্রবার রাতে লিগ ম্যাচে স্তাদ রেনের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকের কাছে জানতে চাওয়া হয়, উড়তে থাকা দলটির বিরতির কারণে ছন্দপতন হলো কিনা?
উত্তরে ইতিবাচক থাকার কথা জানান পিএসজি কোচ।
“আমি বিষয়গুলো ভিন্নভাবে দেখি। একটা মৌসুমে নানান পরিবর্তন ঘটতে থাকে। কখনও খুব ভালো মুহূর্ত আসে, কখনও তেমন ভালো সময় পাওয়া যায় না। একটি দলের এগিয়ে যাওয়ার যথার্থ প্রক্রিয়া এটি।”
“আমি বরং ভিন্ন জিনিস দেখছি। আমার মনে হয়, প্রতিপক্ষ আমাদের যে সমস্যাগুলো সামনে এনেছিল, ছেলেরা সেগুলোর সমাধান করতে পেরেছে।”
৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া রেন আছে ৮ নম্বরে। তবে লিগে দুই দলের সবশেষ চার ম্যাচের দুটিতে জিতেছে রেন।
তাই আরেকটি লড়াইয়ের আগে প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক এনরিকে।
“তারা এমন দল, যারা শীর্ষ মানের ফুটবল খেলে। গত মৌসুমে তারা আমাদের বেশ সমস্যায় ফেলেছিল। আমাদের বিপক্ষে পয়েন্ট নিয়েছিল এবং ম্যাচ যতোটা এগোয়, তারা নিজেদের খেলার ধরন বদলে ফেলে।”
“তারা গত মৌসুমে এমন করেছে। কোনো সহজ ম্যাচ নেই। সমস্যা আসবেই। তবে এমন সব ম্যাচের ব্যাপারে আমি আশাবাদী মানুষ। আমরা পার্কে (পিএসজির ঘরের মাঠ) খেলব। এটি আরও প্রেরণা দেয়।”
