ওয়ার্ল্ড জুনিয়র টেনিসের বাছাইয়ে তৃতীয় বাংলাদেশ
ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে এশিয়া অঞ্চলের বাছাইয়ে সেমি-ফাইনালে হংকংয়ের কাছে হেরেছে বাংলাদেশ।
দারুণ পথচলা থামল সেমি-ফাইনালে। হংকংয়ের বিপক্ষে হেরে ওয়ার্ল্ড জুনিয়র টেনিসের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ।
বাহরাইনে সেমি-ফাইনালে হংকংয়ের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ হেরে যায় ২-০ সেটে।
অনূর্ধ্ব-১৪ দলের এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সিরিয়ার বিপক্ষে ২-১ গেম ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
আকাশ হোসেন এককে সিরিয়ার প্রতিযোগীর বিপক্ষে ২-১ সেটে হেরে যান। তবে তার সতীর্থ কাব্য গায়েন জেতেন ৬-২, ৬-০ ব্যবধানে। পরে আকাশ ও কাব্য জুটি দ্বৈতে ৬-৩, ৬-৪ সেটে জিতলে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।
সেমি-ফাইনালে ওঠার সুবাদে আগামী ৪ অগাস্ট চেক প্রজাতন্ত্রে শুরু হতে যাওয়া মূল পর্বে খেলার টিকেট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ।
