রেকর্ড গড়া মেসির মনোযোগ ‘সেরাটা দেওয়ায়’
কোপা আমেরিকা উপভোগ করে যেতে চান এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া লিওনেল মেসি।
সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় গোল দিয়ে রেকর্ডের উপলক্ষ্য রাঙাতে পারেননি লিওনেল মেসি। তবে কানাডার বিপক্ষে দলের জয়ে দুটি গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখেন আর্জেন্টিনা অধিনায়ক। কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া এই মহাতারকা বললেন, উপভোগ করতে চান এই প্রতিযোগিতা আর দলের জন্য দিয়ে যেতে চান নিজের সেরাটা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুক্রবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এই ম্যাচ মাঠে নামতেই লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। ছাড়িয়ে যান ১৯৪২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ৩৪ ম্যাচ খেলা চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোনকে।
এই প্রথম দেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামলেন তিনি। ম্যাচ শেষে অনুবাদকের সাহায্য নিয়ে ফক্সকে মেসি বললেন, রেকর্ড নিয়ে একদমই ভাবেননি তিনি। উপভোগের মন্ত্রে খেলে যেতে চান এই আসরে।
“সবসময়ই বলি, আমি কখনও রেকর্ডের দিকে মনোযোগ দেই না। কেবল এবারের কোপা আমেরিকা উপভোগ করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।”
ম্যাচের আগের দিন কানাডা কোচ বলেছিলেন, মেসিদের বিপক্ষে নির্ভয় ফুটবল খেলতে চান তিনি। রক্ষণে গুটিয়ে না থেকে সমানে-সমান খেলারই চেষ্টায় ছিল কানাডা। হারলেও প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা পেল তারা।
“আমরা জানতাম, এটা খুব কঠিন লড়াই হবে। জানতাম খেলার জন্য কানাডা কঠিন প্রতিপক্ষ।”
“ওরা শরীর নির্ভর, খুবই শরীর নির্ভর দল। প্রথমার্ধে খুব কম জায়গা ছিল। এটা ছিল তীব্র, শরীরের দিক থেকে তীব্র লড়াই। আর দ্বিতীয়ার্ধে আমরা এগিয়ে যেতে ও ভালো খেলতে সক্ষম হই।”
আগামী বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
