২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের জন্য বার্সা প্রচারণা চালাচ্ছে কি না প্রশ্নে ফ্লিক, ‘কেন নয়’

বার্সেলোনা কোচ আবারও বললেন, ব্যালন দ’র এবার লামিন ইয়ামালের প্রাপ্য।

ইয়ামালের জন্য বার্সা প্রচারণা চালাচ্ছে কি না প্রশ্নে ফ্লিক, ‘কেন নয়’
ব্যালন দ’র লামিন ইয়ামালেরই পাওয়া উচিত বলে মনে করেন হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:43 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনে ব্যালন দ’র সংক্রান্ত নানা প্রশ্ন ছুটে গেল বারবার। সেসবের উত্তরও দিলেন তিনি। বার্সেলোনা কোচ আবারও বললেন, বর্ষসেরার পুরস্কারটি এবার লামিন ইয়ামালের প্রাপ্য। 

১৯ বছর বয়সী ইয়ামাল এই সপ্তাহের শুরুর দিকে বলেন, তিনি ও রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে বিশ্বের সেরা খেলোয়াড়; তবে এই বছর ব্যালন দ’র জয়ের প্রকৃত দাবিদার তিনিই।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি দেওয়া হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে অন্যান্য দাবিদারদের মধ্যে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনও।

রেসিংয়ের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইয়ামালের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ফ্লিক বলেন, “সে সৎ এবং তার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।”

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ের অভিযানে লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ইয়ামাল। বিশ্বকাপে যদিও প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি তিনি, তারপরও স্পেনের শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।

“গত মৌসুমে সে প্রমাণ করেছে যে, সে কতটা ভালো। সে অসাধারণ। তার নিজের মতে, এটা (ব্যালন দ’র) তার প্রাপ্য এবং আমিও মনে করি, তার প্রাপ্য: আমাদের সঙ্গে দুটি শিরোপা এবং স্প্যানিশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়- তাহলে কেন নয়?

“মাঠেও তার মধ্যে একইরকম আত্মবিশ্বাস দেখা যায়। প্রতিপক্ষের একজন, দুজন বা তিনজন খেলোয়াড় তাকে ঘিরে ধরলেও, (তার খেলা দেখে) স্টেডিয়ামের সবাই মুগ্ধ হয়ে যেন বলে- ‘ওয়াও!’ এটাই লামিন। আমি তাকে সমর্থন করব। তার মতো একজন খেলোয়াড় পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।”

ইয়ামালকে ব্যালন দ’র জেতানোর জন্য ক্লাব প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নও করা হয় ফ্লিককে। 

“আমরা কেন তা করব না? এটা তো স্বাভাবিক বিষয়। সে আমাদের খেলোয়াড়। আমরা আমাদের খেলোয়াড়কেই সমর্থন করব।”

ব্যালন দ’র জয়ের আকাঙ্ক্ষা ইয়ামালের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে ফ্লিক বলেন, ‘আমি আশা করি, তেমনটা হবে না।”