২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কী দুর্দান্ত দল আমরা’, জার্মানিকে হারানোর পর ওলমোর উচ্ছ্বাস

নিজে গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন দানি ওলমো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 08:09 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

প্রতিকূল পরিস্থিতিতে মাঠে নামলেন দানি ওলমো। এরপর ম্যাচের ‘ডেডলক’ খুললেন, অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোকে দিয়ে করালেন জয়সূচক গোল। জার্মানিকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠা ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেলেন এই ফরোয়ার্ড। মুঠোভরে পাওয়ার উচ্ছ্বাস ঝরল তার কণ্ঠেও। বললেন, কী দুর্দান্ত দল আমরা!

স্টুটগার্টে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জেতে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওলমো স্পেনকে এগিয়ে নেওয়ার পর ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজের গোলে সমতায় ফেরে জার্মানি। ১১৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মেরিনো। স্পেনের জয়সূচক গোলটির সুর বেঁধে দিয়েছিলেন ওলমো।

এই ফরোয়ার্ডের মাঠে নামা স্পেনের দুঃসময়ে। অষ্টম মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন আসরে দারুণ খেলতে থাকা মিডফিল্ডার পেদ্রি। তার বদলি নামেন ওলমো। ইউরোর ইতিহাসে দ্রুততম বদলির ঘটনা এটিই।

৫১তম মিনিটে ওলমোই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে নেন স্পেনকে। বক্সে ঢুকে নিখুঁত পাস দেন লামিনে ইয়ামাল, ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন লাইপজিগ ফরোয়ার্ড। আসরে তার দ্বিতীয় গোল এটি।

নির্ধারিত নব্বই মিনিটের শেষ দিকে ভিরৎজের গোলে সমতা ফেরে ম্যাচে। এরপর অতিরিক্ত সময়ের খেলাও ছিল শেষের পথে। ঠিক তখনই ফের পাদপ্রদীপের আলোয় ওলমো। দারুণ এক ক্রস বক্সে বাড়ালেন তিনি, ফাঁকায় থাকা মেরিনো হেডে খুঁজে নিলেন জাল। এরপর শেষের বাঁশি বাজতে স্বাগতিক জার্মানিকে হারানোর উৎসবে মেতে ওঠে স্পেন।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ওলমোর কথাতেও আনন্দের ঢেউ। টানা পাঁচ জয়ে সেরা চারের মঞ্চে ওঠা দল নিয়ে, তুঙ্গস্পর্শী পারফরম্যান্স নিয়ে এই ফরোয়ার্ডের যেন আনন্দের সীমা নেই।

“হাওয়ায় ভাসছি। কী দুর্দান্ত দল আমরা! কী আনন্দ! এই জয় আমাদের সবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল।”

“এই জয়কে সহজ ও শান্তভাবে নেওয়া যাক। কেননা, চার দিনের মধ্যে সেমি-ফাইনাল খেলতে হবে আমাদের। আমরা এই জয় উপভোগ করব, উদযাপন করব, কিন্তু শান্ত ও খুবই শান্তভাবে। কেননা, কয়েক দিনের মধ্যে সেমি-ফাইনাল খেলতে হবে আমাদের।”