স্বাধীনতা কাপে জয়ে শুরু মোহামেডানের, শেখ রাসেলের হোঁচট
২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের শুরুটা হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।
শেষ দিকের গোলে স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে নবাগত ফর্টিস একাডেমির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারায় মোহামেডান। দুটি গোলই তারা পায় শেষ দশ মিনিটে।
৮৩তম মিনিটে কর্নারে হেড করে ম্যাচের ডেডলক খোলেন সুলেমানে দিয়াবাতে। একটু পর ব্যবধান দ্বিগুণ করেন জাফর ইকবাল।
দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে ১-১ ড্র করে শেখ রাসেল।
প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে হেডে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো এগিয়ে নেন ফর্টিসকে। এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় নবাগত দলটি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এমফন উদোহ।
