বেলিংহ্যাম-ভিনিসিউসের নৈপুণ্যে রেয়াল মাদ্রিদের বড় জয়
রেয়াল মাদ্রিদের জয়ে জোড়া গোল উপহার দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
শুরুতেই গোল এনে দিলেন জুড বেলিংহ্যাম। দ্বিতীয় গোলের জন্য দলের যখন হাঁসফাঁস অবস্থা, তখন ফের ত্রাতা হয়ে এলেন তিনি। পরে জালের দেখা পেলেন ভিনিসিউস জুনিয়র ও হোসেলুও। অনায়াস জয়ের আনন্দে মাঠ ছাড়ল রেয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রেয়াল। প্রথম অর্ধে এক গোল করা কার্লো আনচেলত্তির দল দ্বিতীয়ার্ধে উৎসব করে তিনবার।
৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া ওসাসুনার পয়েন্ট ১০।
নবম মিনিটেই গোছালো আক্রমণে এগিয়ে যায় রেয়াল। লুকা মদ্রিচের পাস ধরে দানি কারভাহাল বাড়িয়ে দেন বেলিংহ্যামকে। বক্সের ভেতরে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে রেয়ালের ৩-২ গোলে জেতা ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন বেলিংহ্যাম।
প্রথম অর্ধে কেবল এই একটি শটই পোস্টে রাখতে পারে রেয়াল। বিরতির আগে ভিনিসিউসের ২৪তম মিনিটের শট যায় পোস্টের উপর দিয়ে। এ অর্ধে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকা ওসাসুনা কোনো প্রচেষ্টায় রাখতে পারেনি পোস্টে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের জোর বাড়ায় রেয়াল। ৪৭তম মিনিটে হোসেলুর শট যায় বাইরে। তিন মিনিট পর বেলিংহ্যামের হেড আটকান গোলরক্ষক।
আক্রমণের ধারা ধরে রাখার ফল ৫৪তম মিনিটে পেয়ে যায় রেয়াল। ফেদেরিকো ভালভেরদের থ্রু বল ধরে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। লা লিগায় তার গোল হলো ৮টি।
রেয়ালের পোস্টে ওসাসুনা প্রথম শট রাখে ৫৭তম মিনিটে। রুবেন পেনার শট ফিট ফিরিয়ে দলকে স্বস্তিতে রাখেন গোলরক্ষক কেপা আরিসাবালাগা। একটু পর ভিনিসিউসের শট অল্পের জন্য বাইরে যায়।
৬৫তম মিনিটে জালের দেখা পান ভিনিসিউস। ভালভেরদের থ্রু পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর গোলরক্ষককে কাটাতে গিয়ে বল হারাতে বসেছিলেন এই ব্রাজিলিয়ান। তবে দ্রুতই ছুটে গিয়ে ডান পায়ে কোনাকুণি টোকায় বল জড়িয়ে দেন জালে।
পাঁচ মিনিট পর ভিনিসিউসের থ্রু বল ধরে হোসেলু লক্ষ্যভেদ করলে নিশ্চিত জয়ের পথে ছুটতে থাকে রেয়াল। দানি সেবাইয়োস, কারভাহালের শট আটকে যাওয়ার পর ৮৩তম মিনিটে বক্সে দাভিদ গার্সিয়ার হাতে বল লাগলে পেনাল্টি পায় তারা, কিন্তু স্পট কিকে বল জালে পাঠাতে পারেননি হোসেলু। তারপরও বড় জয়ের আনন্দ সঙ্গী হয় রেয়ালের।
