২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ বছর পর উরুগুয়ের ‘তিনে তিন’

১৯৫৯ একুয়েডর আসরের পর প্রথমবার নিজেদের প্রথম তিন ম‍্যাচে জিতল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 11:50 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

ছন্দে থাকা উরুগুয়ে পেয়েছে আরেকটি দারুণ জয়। যুক্তরাষ্ট্রকে হারিয়ে অবসান ঘটিয়েছে দীর্ঘ এক অপেক্ষার। ১৯৫৯ একুয়েডর আসরের পর প্রথমবার নিজেদের প্রথম তিন ম‍্যাচে জিতেছে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। 

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ১-০ গোলে জিতেছে উরুগুয়ে। ‘সি’ গ্রুপের অন‍্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়াকেও হারিয়েছিল তারা।

প্রায় ৬৫ বছর আগে ১৯৫৯ সালে একুয়েডরকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। পরে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৫-০ ব‍্যবধানে। সেবার নিজেদের দশম শিরোপা জিতেছিল উরুগুয়ে।

সেই সাফল‍্যের ধারা পরে আর ধরে রাখতে পারেনি উরুগুয়ে। পরের ৬৫ বছরে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা আর জিততে পেরেছে কেবল পাঁচটি শিরোপা, যার সবশেষটি ২০১১ সালে। 

১৫ শিরোপা জিতে এখনও আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে। এবার দলটি আছে দারুণ ছন্দে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এসেছে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে।   

ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার ৬৬তম মিনিটের গোলে জিতেছে উরুগুয়ে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে গ্রুপ শ্রেষ্ঠত্ব। 

বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে পানামা। কনকাকাফের এই দলের পর উরুগুয়ের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। 

টানা তিন হারে শূন‍্য হাতে ফিরেছে বলিভিয়া।