১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ সেকেন্ডের গোলে আলবেনিয়ার মিডফিল্ডারের ইতিহাস

ইউরোর মূল পর্বে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন নেদিম বাইরামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 01:47 AM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কের গ্যালারিতে দর্শকরা নড়েচড়ে বসছেন কেবল। এর মাঝেই ইতালির জালে বল পাঠাল আলবেনিয়া। ম্যাচের বয়স তখন ২৩ সেকেন্ড!  গোলদাতা নেদিম বাইরামির নাম উঠে গেল ইতিহাসের পাতায়।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড এটি। জার্মানি আসরে শনিবার নিজেদের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়েন আলবেনিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার বাইরামি।

আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল রাশিয়ার দিমিত্রি কিরিচেনকোর। ২০০৪ আসরের গ্রুপ পর্বে গ্রিসের বিপক্ষে ম্যাচের ৬৭ সেকেন্ডে জাল খুঁজে নিয়েছিলেন তিনি।

নিজেদের ভুলেই গোল হজম করে ইতালি। নিজেদের সীমানায় থ্রোয়িং পেয়েছিল তারা। ডিফেন্ডার ফেদেরিকো দিমারকো বক্সে এক সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টায় গড়বড় করে ফেলেন। বক্সে আলগা বল ধরে একজনকে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান বাইরামি।