২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ দ্রুতই দেওয়া হবে, প্রতিশ্রুতি বাফুফের

উইমেন’ম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের পুরস্কার বকেয়া থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েন সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

ঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ দ্রুতই দেওয়া হবে, প্রতিশ্রুতি বাফুফের
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় শিরোপা জয়ী বাংলাদেশ দল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

সাবিনা-ঋতুপর্ণারা উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় শিরোপা জয়ের পর কেটে গেছে প্রায় ১০ মাস; কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া দেড় কোটি টাকা পুরস্কারের অর্থ এখনও পায়নি বাংলাদেশ দল। নির্বাহী কমিটির সভার পর দ্রুতই সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আবারও দিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

পূর্বাচলে শনিবার নির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে অবশ্য মেয়েদের পুরস্কার বকেয়া থাকার বিষয়টি ছিল না মূল ইস্যু। কিন্তু সভা শেষে সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতুপর্ণাদের পুরস্কার না পাওয়ার ইস্যু নিয়েই। প্রতিশ্রুত পুরস্কার প্রদানের নির্ধারিত দিনক্ষণ জানাতে না পারলেও আমিরুল ইসলাম বললেন, দ্রুতই পরিশোধ করবেন তারা।

“আপনাদের একটি কথা আমি বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যেখানে অবস্থান করছে, আমি আপনাদের নির্দ্বিধায় বলি, আমাদের যে কমিটমেন্টগুলো তাদের (মেয়েদের) সাথে রয়েছে, আমরা সেই প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করব। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে, সেখান থেকে আরেকটা জায়গায় খেলতে গিয়েছে। তারা যখন দেশে ফিরবে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আরও অন্যান্য যে জায়গাগুলো থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, আমরা সেগুলোও বুঝিয়ে দিব। এগুলো নিয়ে আমাদের মিটিংয়ে আলোচনা হচ্ছে। তারা দেশে ফিরলে আমরা সেগুলো মিটিয়ে দিব।”

“আপনারা খুব ভালো করে জানেন, মেয়েদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, আমাদের কোচও (পিটার জেমস বাটলার) কিন্তু দেশের বাইরে রয়েছেন। উনি যখনই আসবেন, মেয়েরা যখন আসবে…আমাদের কিন্তু অনেক পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমাদের কাছে কিছু প্রস্তাবনা এসেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে, যেগুলো আপনাদের এখন বলছি না। তাদের জন্য দেশের বাইরে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়েছে। সেটা সহসাই আপনাদের জানানো হবে।”

নেপালের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। এ উপলক্ষে ক্যাম্প চলছে, তবে এখনও বসুন্ধরা কিংস ক্যাম্পের জন্য তাদের খেলোয়াড়দের ছাড়েনি। এ নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি বলে জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

“জাতীয় (পুরুষ) ফুটবল দল নিয়ে আজকের মিটিংয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু আমাদের ন্যাশনাল টিমস কমিটি আছে, এটা নিয়ে দু-এক দিনের মধ্যে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানিয়ে দেব।”

নির্বাহী কমিটির এই সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৪-২৫ মৌসুমের পয়েন্ট টেবিল অনুমোদন পায়। এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাই পেরুনো নারী ফুটবল দল, এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় দলকে অভিনন্দন জানানো, সরকারের সঙ্গে যৌথভাবে তারুণ্যের উৎসব-২০২৫ এ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন, সেপ্টেম্বরে ফুটসাল দলের মালয়েশিয়াতে প্রস্তুতি নিতে যাওয়া এবং সেখানে কিছু প্রস্তুতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া-এগুলো নিয়েই সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বাফুফের গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে আলোচনার জন্য একমাস সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কমিটিকে। স্টেডিয়ামের জন্য কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে বরাদ্দ পেতে সরকারের কাছে আবেদনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম।