হাশিমোতোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর রূপকথার গল্প লিখে জাপানের সোনা জয়
জিমন্যাস্টিকসের টিম অল-রাউন্ড ফাইনালে তুমুল নাটকীয়তার পর অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে চীনকে পেছনে ফেলে সোনা জিতল জাপান।
চূড়ান্ত স্কোর পর্দায় ভেসে উঠতেই জাপানের ৫ জিমন্যাস্ট উল্লাসে ফেটে পড়লেন। সবার চোখে পানি, কিন্তু মুখে হাসি। পাগলের মতো পরস্পরকে আলিঙ্গনে জড়াতে থাকলেন সবাই। একবার-দুবার নয়, বারবার। দলের নেতা দাইকি হাশিমোতো পরে আবেগময় কণ্ঠে বললেন, “সবাই পরস্পরকে খ্যাপাটে হয়ে বুকে জড়িয়ে নিচ্ছিলাম। যদিও মাত্রই জড়িয়ে ধরেছি, তবু বারবার ধরছিলাম। এই জয় আমাদের বন্ধনকে আরও পোক্ত করেছে।”
হাশিমোতোর প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে, কতটা স্পেশাল জয় এটি। যারা লড়াইটি দেখেছেন, তারাও হয়তো কখনও ভুলবেন না। ঘুরে দাঁড়ানোর অভাবনীয় আখ্যান রচনা করে প্যারিস অলিম্পিকসের জিমন্যাস্টিকসের টিম অল-রাউন্ড সোনা জয় করে নিয়েছে জাপান।
লড়াইয়ের মাঝপথে পঞ্চম স্থানে ছিল জাপান। হাশিমোতো স্বয়ং বড় ভুল করে দলকে পিছিয়ে দিয়েছিলেন। চীনের সোনা জয়কে মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু সেখান থেকেই প্রায় অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে জাপান। নিজেকে ফিরে পেয়ে সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হাশিমোতো।
শুধু এই ইভেন্টে নয়, গত অলিম্পিকসে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী হাশিমোতোর উত্থান-পতনের লড়াই চলছিল কয়েক মাস ধরেই। গত মে মাসে আঙুলের চোটের কারণে জাপানের প্রধান টুর্নামেন্টের এনএইচকে ট্রফিতে অংশ নিতে পারেননি তিনি। অলিম্পিকসের প্রস্তুতির সবচেয়ে আদর্শ সুযোগ মানা হয় ওই আসরকে। সেটিই তিনি নিতে পারেননি।
সেই চোট সেরে ওঠার আগেই দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন তিনি। তখনও আঙুলের অবস্থা ভালো নয়। কিন্তু প্রস্তুতি নেওয়ার সময়ও যে দ্রুত ফুরিয়ে আসছিল! সোনা জয়ের পর পেছন ফিরে তাকিয়ে ২২ বছর বয়সী জিমন্যাস্ট বললেন, ক্যাম্প শেষে অলিম্পিকসে অংশগ্রহণ অনিশ্চিত মনে হচ্ছিল তার নিজের কাছেই।
“সত্যি বলতে, আত্মবিশ্বাস হারাতে শুরু করেছিলাম প্রবলভাবে। ক্যাম্প যখন শেষ হলো, তখনও কল্পনা করতে পারছিলাম না যে, কীভাবে এই ইভেন্টে অংশ নিতে পারি বা সোনা জিততে পারি।”
দুদিন আগে ভেন্যুতে আসার পর সমর্থকদের ভালোবাসার জোয়ার দেখে অবশ্য অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন তিনি। তবে স্রেফ সেটুকুই তো যথেষ্ট নয়। ঘাটতি যে তার ছিল, তা ফুটে উঠতে থাকে মূল লড়াইয়ে নামার পর।
কোয়ালিফাইং রাউন্ডে হাই বার-এ ল্যান্ডিংয়ে বড় ধরনোর তালগোল পাকিয়ে ফেলেন তিনি। ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিলেন তিনি, “দলের বোঝা হয়ে উঠেছিলাম আমি এবং সেটিকে খুব ভারী মনে হচ্ছিল।”
সতীর্থদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে তবু চীনের পেছনে থেকে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে জাপান।
ওই সময়টায় ভঙ্গুর মানসিকতা সামলে উঠতে সতীর্থদের কাছ থেকে দারুণ সহায়তা পেয়েছেন হাশিমোতো।
“প্রতিবার ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছার পর ওরা সবাই শুধু একটি আলোচনাই করেছে যে, সোনা জিততেই হবে। সেসব দেখে আমিও দলের জন্য লড়াই করতে চেয়েছি হৃদয়ের গভীর থেকে।”
ফাইনালের দিন সোমবার আবার চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে যেতে হয় তাকে। আবার তাকে উজ্জীবিত করেন সতীর্থরা।
পোমেল হর্স থেকে পড়ে যান হাশিমোতো। গ্যালারি থেকে দর্শকদের একসঙ্গে দীর্ঘশ্বাসের গভীর শব্দ ভেসে আসে তার হতাশাময় মুহূর্তটির প্রতিধ্বনি হয়ে।
এখানে স্রেফ ১৩.১০০ স্কোর করে আর ওপরে তাকাতে পারছিলেন না হাশিমোতো। মাথা নিচু করে তিনি যখন দলের কাছে ফিরছিলেন, গত অলিম্পিকসে এই ইভেন্টেই রাশিয়ার পেছনে পড়ে রুপা জয়ের তিক্ত স্মৃতি মনে উঁকি দিচ্ছিল তার।
“পড়ে যাওয়ার পর নিজেকে বলছিলাম, ‘ওহ নো, আমার কারণে আরও একটি সোনা হারাতে যাচ্ছি আমরা।’ তবে শেষ করে ওদের কাছে ফেরার পর তাকাকি সুগিনো, কাজুমা কায়া, ওরা বলছিল যে, ‘হাল ছেড়ো না, এখনও অনেক কিছু করতে পারবে।”
সত্যিকার অর্থে, আশার ভিত্তি ছিল না তেমন কিছু। লড়াই শেষ হতে যখন কেবল আর ছয় ধাপ বাকি, হাশিমোতোর বারংবার ভুলে জাপান তখন চীনের চেয়ে তিন পয়েন্ট পেছনে। এমন বড় ব্যবধান ঘুচিয়ে দেওয়ার উপায় ছিল কেবল একটিই, পরের সময়টায় জাপানের নিখুঁত পারফরম্যান্স আর চীনের বড় কোনো ভুল। এসব তো কেবল কল্পনায় হয়, বাস্তবে নয়।
কিন্তু এ দিন এমন রূপকথার মঞ্চায়নই হলো।
হরিজন্টাল বার-এ বড় ধরনের গড়বড় করে বসলেন চীনের দুই জিমন্যাস্ট। হাশিমোতোর সামনে সুযোগ এলো প্রায়শ্চিত্ত করার। এবার নিজের সেরা চেহারা মেলে ধরলেন তিনি। অসাধারণ পারফরম্যান্সে তিনি স্কোর করলেন ১৪.৫৬৬। জাপানের সোনা জয়ও প্রায় নিশ্চিত হয়ে গেল তাতে।
দলের স্কোর তখন ২৫৯.৫৯৪, চীনের তা প্রায় নাগালের বাইরে। জাপানকে ছুঁতে হলে চীনের শেষ প্রতিযোগীকে তখন ১৫.২৬৫ স্কোর করতে হবে, যা প্রায় অসম্ভব। চীনের জিমন্যাস্ট চেষ্টা করেও পারলেন না। স্রেফ ০.৫৩২ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জয়ের অসাধারণ গল্প লিখল জাপান।
লড়াই শেষ হতেই আত্মহারা হয়ে যান জাপানের জিমন্যাস্টরা সবাই। ফ্লোরে শুয়ে পড়েন সবাই, সবারই চোখে দেখা যায় খুশির জলের বান। কীভাবে উদযাপন করবেন, তারা নিজেরও যেন বুঝে উঠতে পারছিলেন না।
গত অলিম্পিকসে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী হাশিমোতো আবেগে থরথর কেঁপে বললেন, “অবিশ্বাস্যরকমের খুশি আমি… ব্যক্তিগত পদকের চেয়ে এটা আলাদা।”
