২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানসিক শক্তি দেখিয়েছে দল’, মনে করেন এনরিকে

শুরুতে দুই গোলে পিছিয়ে পড়া এবং চোটে উসমান দেম্বেলেকে হারানোর পর জয় পাওয়ায় দারুণ খুশি পিএসজি কোচ।

‘মানসিক শক্তি দেখিয়েছে দল’, মনে করেন এনরিকে
লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 09:50 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

অষ্টাদশ মিনিটের মধ্যে দুই গোল হজমের ধাক্কা। এরপর পিএসজির বিপদ আরও বাড়ল চোটে ২৭তম মিনিটে উসমান দেম্বেলে মাঠ ছাড়ায়। পেনাল্টি মিস করলেন ভিতিনিয়া। হারের প্রবল চোখরাঙানি এড়িয়ে মোনাকোর বিপক্ষে জয় পাওয়ার পর লুইস এনরিকে স্বাভাবিকভাবেই শিষ্যদের মানসিক শক্তির প্রশংসায় হলেন পঞ্চমুখ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানের জয় পায় পিএসজি। জোড়া গোলে মোনাকোকে এগিয়ে নেন ফোলারান বালুগান। দেম্বেলের বদলি নামা দিজিরে দুয়ে পিএসজিকে ম্যাচে ফেরানোর পর ৬৭তম মিনিটে করেন জয়সূচক গোলটি; এর মাঝে ৪৭তম মিনিটে আশরাফ হাকিমির লক্ষ্যভেদে সমতায় ফেরে পিএসজি।

২২তম মিনিটেই ম্যাচে ফেরার উপলক্ষ পেয়েছিল পিএসজি, কিন্তু পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে পারেননি ভিতিনিয়া। মোনাকোর মাঠে মানসিক শক্তি দল দেখাতে পেরেছে বলেই এত ধাক্কা পিএসজি সামলে উঠতে সক্ষম হয়েছে, মনে করেন এনরিকে।

“যখন কোনো দল এভাবে ম্যাচের শুরু করে, অধিকাংশ ক্ষেত্রেই ফলাফলটা আসে হার। এটা ছিল ভয়ঙ্কর (আমাদের জন্য)। এভাবে ম্যাচ শুরু করা অসম্ভব। প্রথম দুইবার তারা আমাদের চাপ কাটিয়ে আমাদের অর্ধে এসেছে, গোল করেছে। মোনাকো কিছু সময় খুবই ভালো খেলেছে।”

“এরপর আত্মবিশ্বাস ধরে রাখা কঠিন, কিন্তু আমারা আমাদের মানসিক শক্তি দেখিয়েছি। একটা পেনাল্টি মিস করেছি। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা সুযোগ ছিল এটি। এখানে সবশেষ খেলা ছয় ম্যাচের ম্যাচের মধ্যে আমরা দ্বিতীয়বার জয় পেলাম, যেটি দেখাচ্ছে, মোনাকোর মাঠে কাজটা কতটা কঠিন।”

আগামী বুধবার নিজেদের মাঠে ফিরতি লিগে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি।