১০ ম্যাচে নেই কোনো জয়, চাকরি গেল উলভস কোচের
গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে হারের পর ক্লাবের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান তিনি, এবার পেলেন চাকরি হারানোর খবর।
প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার খেসারত দিলেন ভিতর পেরেইরা। আসরে প্রথম ১০ ম্যাচে একটিও জয় না পাওয়ায় পর্তুগিজ এই কোচকে বরখাস্ত করল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
সবশেষ শনিবার ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে হেরেছে দলটি। এবারের লিগে যা উলভসের অষ্টম হার।
পরদিন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে পেরেইরার ছাঁটাইয়ের খবর। এরপরই ক্লাবটি এক বিবৃতিতে পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানায়।
দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তারা এখন আছে লিগ টেবিলের তলানিতে।
গত ডিসেম্বরে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন পেরেইরা। সেই সময়ও ধুঁকছিল দলটি, লিগ টেবিলে ছিল ১৯ নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৬ নম্বরে থেকে আসর শেষ করেছিল উলভস।
এরপর চলতি বছরের সেপ্টেম্বরে তার সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করে ক্লাবটি। কিন্তু অল্পদিনের মধ্যে মুদ্রার উল্টো পিঠ দেখলেন পেরেইরা।
গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পরই সমর্থকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েন পেরেইরা। ম্যাচ শেষে একদল সমর্থকের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান।
এই মৌসুমে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ও এভারটনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল উলভস। তবে বুধবার চেলসির বিপক্ষে হেরে প্রতিযোগিতটি থেকে বিদায় নেয় দলটি।
