ইসলাম ধর্ম গ্রহণের খবর অসত্য: কার্লোস
গত কিছুদিন ধরে ছড়িয়ে পড়া গুজবটি নিয়ে অবশেষে মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি।
রবের্তো কার্লোসকে নিয়ে গুঞ্জনটা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে, সামাজিক মাধ্যমে ছিল তুমুল তোলপাড়। ফুটবল কিংবদন্তিকে নিয়ে কৌতূহলের জোয়ার চলছিল ফুটবলের বাইরের কারণে। অবশেষে সেটি নিয়ে মুখ খুললেন তিনি। ব্রাজিলের তারকা জানালেন, তার ইসলাম ধর্ম গ্রহণের খবরটি সঠিক নয়।
সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী এজেন্ট সুহাইলা তাহিরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কার্লোস। সেটির সূত্র ধরেই গুঞ্জন ছড়াতে থাকে। সামাজিক মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেগুলোর একটিতে দেখা যায়, ইসলামিক রীতিতে বিয়ে সম্পন্ন হচ্ছে এবং সেখানে কার্লোসও আছেন।
এরপর খবর ছড়িয়ে পড়তে থাকে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের সুপরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে এক বৈঠকে কালিমা পাঠ করার করে প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন কার্লোস। শরিয়া কর্মকর্তার উপস্থিতিতে ইসলামিক রীতিতে তার বিয়ে সম্পন্ন হওয়ার খবরও ছড়ায়।
এবার কার্লোস নিজেই সেই ভুল ভাঙলেন সৌদি আরবের পত্রিকা ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে।
“ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা চমৎকার, কিন্তু আমার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা অসত্য।”
বিয়ের প্রসঙ্গে ৫৩ বছর বয়সী তারকা জানান যে, দুজনের ধর্মের প্রতি সম্মান জানিয়ে উভয় রীতিতেই বিয়ে হয়েছে। যেহেতু তার পরিবারের সদস্যরা ক্যাথলিক, তাই তারা তাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি তার স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের জন্য উপযুক্ত অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করতে আগ্রহী ছিলেন।
স্ত্রীর সঙ্গে তার পরিচয় ও পরিণয়ের পেছনের গল্পও শোনান কার্লোস। সর্বকালের সেরা লেফট ব্যাকদের একজন জানান, ফুটবল-সম্পর্কিত একটি ব্যবসায়িক বৈঠকে তাদের দেখা হয়েছিল। ক্রমে সেই সম্পর্ক নতুন মোড় নেয়। বিশ্বকাপজয়ী তারকা জানান, তার স্ত্রী একজন সফল ব্যবসায়ী এবং তাদের সম্পর্কটি ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই দুই বছর ধরে চলছে।
