আর্জেন্টিনা ম্যাচের আগে বলিভিয়ার জালে গোল উৎসব আলজেরিয়ার
ক্যানসাস সিটিতে হওয়া প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার জালে চার গোল করে নিজেদের শাণিয়ে নিয়েছে আলজেরিয়া।
জোড়া গোল করলেন আমিনে গৌরি। জালের দেখা পেলেন আইস্সা মান্ডি ও রামিজ জেররৌকি। বলিভিয়াকে প্রস্তুতি ম্যাচে উড়িয়ে দিল আলজেরিয়া। দাপুটে এই জয়ে যেন বার্তাও দিয়ে রাখল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে।
ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আলজেরিয়া। ২০১৪ সালের পর প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলতে আসা দলটি ‘জে’ গ্রুপে আছে অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে।
বলিভিয়ার বিপক্ষে ক্যানসাস সিটিতেই ক্লোজ ডোর ম্যাচ খেলতে চেয়েছিলেন আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ। পরে দেশটির সম্প্রচার মন্ত্রণালয় অবশ্য জানায়, ম্যাচের হাইলাইটস দেখানো হবে ফেইসবুকে।
বিরতির আগেই মান্ডির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে আরও তিন গোল করে তারা। ৫৬তম মিনিটে দারুণ শটে ব্যবধান দ্বিগুণের দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন মার্সেইয়ের গৌরি। এরপর ম্যাচের চতুর্থ গোলটি করেন রামিজ।
এর আগে গত বুধবার আরেকটি প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছিল আলজেরিয়া।
