আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাবের ম্যাচ স্থগিত
নানা অভিযোগের কারণে লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক এএফবি বক্সিং প্রমোশনের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ম্যাচ টিকেট বিক্রির ৫০ ভাগ অর্থ পরিশোধ না করা, ম্যাচের পর জাতীয় স্টেডিয়াম পরিষ্কার না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব নিয়ে লুকোছাপা-এমন অনেক অভিযোগের কারণে লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক এএফবি বক্সিংয়ের প্রমোশনের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ফলে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোন ও ব্রাজিলের সাও বার্নার্দোর মধ্যকার ম্যাচটি স্থগিত হয়ে গেছে।
ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এএফবি বক্সিংয়ের প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিল ও ম্যাচ স্থগিতের কথা বলা হয়।
চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তের কারণ হিসেবে আয়োজকদের নানা অব্যবস্থাপনা ও অভিযোগের কথা তুলে ধরা হয়; আয়োজকরা ম্যাচ টিকেট বিক্রির ৫০ ভাগ অর্থ পরিশোধ করেনি, ম্যাচের পর স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা থাকলেও করেনি। স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়েও জাতীয় ক্রীড়া পরিষদকে কিছু জানানো হয়নি।
এছাড়া, গত সোমবার আর্জেন্টিনার দল ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের মধ্যকার ম্যাচ শেষে এক অপ্রীতিকর কাণ্ড ঘটে। টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহানকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেয়। ম্যাচ স্থগিতের পেছনে এটাও ‘বড় কারণ’ হিসেবে চিঠিতে উল্লেখ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
