২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসভিকে গুঁড়িয়ে আর্সেনালের আত্মবিশ্বাসের পালে হাওয়া

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, এমন দাপুটে জয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তার দল।

পিএসভিকে গুঁড়িয়ে আর্সেনালের আত্মবিশ্বাসের পালে হাওয়া
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

প্রতিযোগিতা বদলাতেই যেন ভিন্ন এক আর্সেনালের দেখা মিলেছে। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জিততে না পারা দলটি চ্যাম্পিয়ন্স লিগে দেখিয়েছে ভয়ঙ্কর রূপ। পিএসভি আইন্দহোভেনকে তাদেরই মাঠে বিধ্বস্ত করে গড়েছে রেকর্ড। ইংলিশ ক্লাবটির কোচ মিকেল আর্তেতার মতে, এমন দাপুটে পারফরম্যান্সে তাদের আত্মবিশ্বাসের পালে লেগেছে বাড়তি হাওয়া।

ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার ৭-১ গোলে জিতেছে আর্সেনাল। টুর্নামেন্টের ইতিহাসে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়া প্রথম দল তারা।

চ্যাম্পিয়ন্স লিগে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়া আর্সেনাল প্রিমিয়ার লিগে ছন্দে নেই। সবশেষ দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলই করতে পারেনি তারা। ফরেস্ট ম্যাচ ড্র করলেও হেরে যায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে।

প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় থেকে অনেকটা পিছিয়ে গেছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৩।

তবে চ্যাম্পিয়ন্স লিগে ভালোভাবেই এগোচ্ছে আর্সেনাল। দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু না ঘটলে কোয়ার্টার-ফাইনালে তাদের খেলা নিশ্চিতই বলা যায়। যেখানে তাদের লড়তে হবে আতলেতিকো মাদ্রিদ কিংবা রেয়াল মাদ্রিদের বিপক্ষে। 

পিএসভির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আর্তেতা বললেন, এখন আরও বেশি আত্মবিশ্বাসী তার দল।

“অবশ্যই এমন জয় আমাদের অনেক আনন্দ, আত্মবিশ্বাস ও আস্থা জোগায়। আর ফুটবলে তিন দিন আগে কী করেছি বা আজ কী করলাম সেটা বিষয় নয়, আগামীকাল বা ওল্ড ট্র্যাফোর্ডে আমরা কী করব, কেমন পারফরম্যান্স করব এবং আবার জিততে পারব কিনা সেটাই গুরুত্বপূর্ণ।”

“আজকের রাতটি উপভোগ করার, কারণ এটা খুবই চমৎকার পারফরম্যান্স ছিল, অবিশ্বাস্য স্কোরলাইন, তাই উদযাপন করা আমাদের প্রাপ্য, এবং এখন এটা গ্রহণ করে দল হিসাবে উন্নতি চালিয়ে যেতে হবে।”

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে গোলের কীর্তি গড়তে পেরেও বেশ ভালো লাগছে আর্তেতার। তবে মাটিতেই পা রাখছেন তিনি। এর চেয়েও বড় কিছু অর্জন করতে হবে তাদের, মনে করিয়ে দিয়েছেন আর্সেনাল কোচ। 

“আমরা এমন কিছু করেছি, যা আগে হয়নি। তাই এই কীর্তির (চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় অ্যাওয়ে জয়) অংশ হতে পারাটা দারুণ। তবে দল হিসেবে আমরা আরও অনেক কিছু অর্জন করতে চাই যা এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী বুধবার ঘরের মাঠে পিএসভির বিপক্ষে লড়বে আর্সেনাল। এর আগে রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা।