২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপায় হতাশার পর ছাঁটাই প্যারাগুয়ে কোচ

ধারাবাহিক ব্যর্থতায় ১০ মাসের মধ্যেই চাকরি হারালেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ দানিয়েল গার্নেরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 11:26 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

তিন ম্যাচে নেই কোনো জয়। নিজেদের ৩ গোলের বিপরীতে হজম ৮টি। কোপা আমেরিকার গ্রুপ পর্বে এমন বিবর্ণ পারফরম্যান্সের পর প্যারাগুয়ের কোচের চাকরি হারালেন দানিয়েল গার্নেরো।

আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার আর্জেন্টাইন কোচ গার্নেরোর সঙ্গে চুক্তি সমাপ্তির ঘোষণা দেয় প্যারাগুইয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। এখনই নতুন কোচের নাম ঘোষণা করেনি তারা।

টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হার দিয়ে যাত্রা শুরুর পর ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব‍্যবধানে উড়ে যায় প‍্যারাগুয়ে। কোস্টা রিকার বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে আসর শেষ করে দলটি।

গত বছরের সেপ্টেম্বরে স্বদেশি গিয়ের্মো বারোস শেলোতোর জায়গা নেন গার্নেরো। তার কোচিংয়ে দশ ম্যাচ খেলে প্যারাগুয়ের জয় মাত্র ২টি। এই দশ ম্যাচে ৫ গোলের বিপরীতে তার দল হজম করে ১৩টি।

কোপা আমেরিকায় ব্যর্থতা ছাড়াও বিশ্বকাপ বাছাইয়েও ভালো অবস্থায় নেই প্যারাগুয়ে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সাত নম্বরে আছে তারা।