৩৯ দিনেই শেষ পোস্টেকোগ্লুর ফরেস্ট অধ্যায়
চেলসির বিপক্ষে দলের ভরাডুবির ২০ মিনিট পরই কোচকে বরখাস্ত করার কথা জানিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পাওয়ার দেড় মাস না হতেই চাকরি হারালেন এনজ পোস্টেকোগ্লু। দলের ভীষণ বাজে পারফরম্যান্সে কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি।
প্রিমিয়ার লিগে শনিবার চেলসির বিপক্ষে ফরেস্টের ৩-০ গোলে হারের ম্যাচ শেষের ২০ মিনিট পরই এক বিবৃতিতে ৬০ বছর বয়সী পোস্টেকোগ্লুকে সরিয়ে দেওয়ার কথা জানায় ক্লাবটি।
গত ৯ সেপ্টেম্বর দলটির দায়িত্ব পেয়েছিলেন পোস্টেকোগ্লু। টিকতে পারলেন তিনি স্রেফ ৩৯ দিন।
প্রিমিয়ার লিগের কোনো দলে তার চেয়ে কম সময় দায়িত্বে ছিলেন কেবল একজন কোচ; লিডস ইউনাইটেডে ৩০ দিন ছিলেন স্যাম অ্যালারডাইস।
পোস্টেকোগ্লুর কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের একটিও জিততে পারেনি ফরেস্ট; ড্র দুটি ও হার ছয়টি।
এই সময়ে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে দলটি পায় মাত্র এক পয়েন্ট। নেমে গেছে তারা অবনমন অঞ্চলে, আছে ১৮ নম্বরে।
