ধর্ষণের দায়ে জেল খাটা ডাচ খেলোয়াড়ের তিক্ত অলিম্পিকস অভিষেক
১২ বছর বয়সী এক ব্রিটিশ মেয়েকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত স্তেফেন ফন ডে ফেলদে দর্শকদের থেকে শুনলেন দুয়ো, ম্যাচেও পেলেন হারের স্বাদ।
আট বছর আগে ধর্ষনের দায়ে সাজাপ্রাপ্ত বিচ ভলিবল খেলোয়াড় স্স্তেফেন ফন ডে ফেলদে প্রথমবারের মতো অলিম্পিকসের আঙিনায় নামলেন। কিন্তু অভিষেকের ক্ষণটা একেবারেই সুখকর হলো না তার। দর্শকদের থেকে শুনলেন দুয়ো। নেদারল্যান্ডসের ২৯ বছর বয়সী এই খেলোয়াড় পরে ম্যাচেও পেলেন হারের স্বাদ।
এক দশক আগে ১২ বছরের এক ব্রিটিশ মেয়েকে ধর্ষণ করেছিলেন ফন ডে ফেলদে। ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডে তাকে গ্রেপ্তার করা হয়। মার্চে তিনি ধর্ষণের তিনটি অভিযোগ স্বীকারও করেন তিনি। ওই বছরই তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ভলিবল ক্যারিয়ারও পড়ে যায় শঙ্কার মুখে।
তবে ব্রিটেনে এক বছর সাজা খাটার পর, দুই দেশের মধ্যে এক চুক্তির অধীনে ফন ডে ফেলদেকে দেশে ফেরায় নেদারল্যান্ডস। সেখানে ডাচ আইনে তার অপরাধের মাত্রা কমে আসায় সাজার সামঞ্জস্য করে আর এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।
পরে তাকে খেলায় ফেরার অনুমতি দেয় ডাচ ভলিবল অ্যাসোসিয়েশন। ২০১৭ সালে তিনি খেলায়ও ফেরেন। যদিও ডাচদের ওই সিদ্ধান্ত প্রবল সমালোচনার জন্ম দেয়। এবারের অলিম্পিক দলে তার যোগ করাও প্রশ্নের মুখে পড়ে। শেষ পর্যন্ত তাকে অলিম্পিক ভিলেজের বাইরে রাখার এবং গণমাধ্যমের সঙ্গে তার কথা না বলার শর্তে মেলে অনুমতি।
এত কিছুর পর অলিম্পিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হলেও পথচলার শুরুটা তেতোই হলো তার। ম্যাথিউ ইমার্সের সঙ্গে জুটি বেঁধে রোববার প্রথমবার অলিম্পিকে খেলতে নেমে শুরুতেই দুয়ো শুনতে হয় তাকে। ঘোষক তাদের নাম উচ্চারণ করার সময় তালির সঙ্গে দুয়োধ্বনি শোনা যায়।
এরপর লড়াইয়েও হয় বাজে অভিজ্ঞতা। আইফেল টাওয়ার স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ফন ডে ফেলদে-ইমার্স জুটি হেরে যায় ২৫তম স্থানে থাকা ইতালির জুটির কাছে।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান।
ফন ডে ফেলদেকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করতে এই ম্যাচের আগে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন ৯০ হাজার জন। তাকে সুযোগ না দিতে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনগুলোও নানা রকম তৎপরতা চালায়।
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ম্যাচের আগেই জানিয়ে রেখেছিল, অ্যাথলেটদের নির্বাচন করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের অলিম্পিক কমিটির। ডাচ অলিম্পিক কমিটি জানায়, অপরাধের সাজা পাওয়ার পর ডাচ ভলিবল ফেডারেশনের নির্দেশিকা মেনেই খেলাফ ফেরার অনুমতি দেওয়া হয় ফন দে ফেলদেকে।
এই ম্যাচ দেখতে উপস্থিত হওয়া দর্শকদের মধ্যে ফন দে ফেলদেকে নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকে যেমন তাকে খেলার সুযোগ দেওয়ার ঘোরতর বিরোধী, তেমনি অনেকে আবার বলছেন, অপরাধের সাজা পাওয়ার পর দ্বিতীয় সুযোগ সবারই প্রাপ্য।
