আরও বেশি গোল ও জয়ের জন্য ‘ক্ষুধার্ত’ লেভানদোভস্কি
বার্সেলোনার জার্সিতে নিজের তৃতীয় মৌসুমে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন এই পোলিশ স্ট্রাইকার।
গোলদাতা হিসেবে নিজের নাম স্টেডিয়ামের লাউডস্পিকারে শুনতে কার না ভালো লাগে? ২০২৪-২৫ মৌসুম সামনে রেখে রবের্ত লেভানদোভস্কিও বললেন, এই অনুভূতি বারবার ফিরে পেতে চান তিনি। বার্সেলোনার জার্সিতে আরও গোল ও জয় পেতে ক্ষুধার্ত থাকার কথাও বললেন এই পোলিশ স্ট্রাইকার।
কাতালুনিয়ার দলটির হয়ে প্রথম মৌসুমটা ভালো কাটে লেভানদোভস্কির। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ তিনি পেয়েছিলেন দলীয়ভাবে; ব্যক্তিগতভাবে জিতেছিলেন পিচিচি ট্রফি।
গত মৌসুমে তিনি পারেননি প্রত্যাশিত আলো ছড়াতে; বার্সেলোনাও পার করে ট্রফিহীন মৌসুম। টালমাটাল পরিস্থিতিতে দলটির ডাগআউটেও আসে পরিবর্তন। সোনালী দিন ফিরে পাওয়ার আশায় বার্সেলোনা এবার কোচের দায়িত্ব তুলে দেয় হান্সি ফ্লিকের হাতে।
জার্মান এই কোচের সঙ্গে বায়ার্ন মিউনিখে দারুণ সময় কাটানোর অতীত আছে লেভানদোভস্কির। ২০২০ সালে দলটির ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ঐতিহাসিক কীর্তির অংশ তিনি। দলটিতে ফ্লিকের কোচিংয়ে ৭১ ম্যাচে তিনি গোল করেন ৮৩টি।
আসছে মৌসুমের জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন লেভানদোভস্কি। স্টেডিয়ামের লাউডস্পিকারে গোলদাতা হিসেবে নিজের নাম শুনতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
“আরও গোল এবং জয় পাওয়ার জন্য আমি এখনও ক্ষুধার্ত। কেননা, যখন আপনি গোল করবেন এবং আপনার নাম উচ্চারিত হতে শুনবেন, এটা এমন অনুভূতি, যেগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তগুলো ভিন্ন এক জগতে নিয়ে যাবে আপনাকে।”
“আমি এই অনুভূতি ভুলে যেতে চাই না এবং জীবনে যতটা সম্ভব, এই অনুভূতি উপভোগ করতে চাই।”
