বাড়ি ফেরার টিকেট কাটা সেই ‘লাকি লুজার’ লিস গড়লেন ইতিহাস
টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী ‘লাকি লুজার’ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ইউক্রেইনের বংশোদ্ভূত জার্মানির এই খেলোয়াড়।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্বের শেষ রাউন্ডে হারের পর বাড়ি ফেরার বিমানের টিকেট কেটে ফেলেন ইফা লিস। কিন্তু অন্য একজনের দুর্ভাগ্য তার জন্য বয়ে আনে সৌভাগ্য, সুযোগ পেয়ে যান মূল পর্বে। আচমকাই পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগাচ্ছেন তিনি। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী ‘লাকি লুজার’ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন জার্মানির এই খেলোয়াড়।
মেলবোর্নে শনিবার রোমানিয়ার জাকলিন ক্রিস্তিয়ানের বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে জেতেন র্যাঙ্কিংয়ে ১২৮তম স্থানে থাকা লিস।
কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে হেরে যাওয়ার পরও, যারা মূল পর্বে জায়গা পায় মূলত চোট কিংবা অসুস্থতার কারণে সরে দাঁড়ানো কারও জায়গায়, সেই খেলোয়াড়দের বলা হয় ‘লাকি লুজার।’
মেলবোর্ন পার্কে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হারের পর লিস ব্যাগ গুছিয়ে ফেলেন এবং বাড়ি ফেরার বিমানের টিকেট কাটেন। কিন্তু গত সোমবার প্রথম রাউন্ডের ম্যাচের আগে সরে দাঁড়ান রাশিয়ার আনা কালিনস্কায়া। যখন তার সরে দাঁড়ানোর ঘোষণা আসে, তখন ফিজিওর থেকে চিকিৎসা নিচ্ছিলেন লিস। স্রেফ ১০ মিনিটের নোটিশে ম্যাচ খেলতে কোর্টে নামতে হয় তাকে।
প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পাওয়ার পরও অস্ট্রেলিয়ার কিম্বার্লি বিরেলকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। পরে আরও দুই ম্যাচ জিতে পা রাখলেন শেষ ষোলোয়।
স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ইউক্রেইনের কিয়েভে জন্ম নেওয়া ২৩ বছর বয়সী লিস। স্বপ্নময় এই পথচলা বেশ উপভোগ করছেন তিনি।
“অবশ্যই এখানে দ্বিতীয় সপ্তাহে পা রাখতে পেরে আমি খুব খুশি। আমার মনে হয়, দ্বিতীয় সপ্তাহটি আমার জন্য সবসময়ই স্বপ্নের মতো ছিল।”
“এটা পাগলাটে গল্প, কত দ্রুত সবকিছু ঘটে গেল। কয়েকটা দিন কেটে গেছে। এই দিনগুলো আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তাই সত্যিই কৃতজ্ঞ আমি।”
মূল পর্বে সুযোগ পাওয়ার পর বিমানের ফ্লাইট পরিবর্তন করে রোববার নেন লিস। সেটা আবার পরিবর্তন করতে হবে তাকে। পরের রাউন্ডে যে সোমবার তিনি খেলবেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াওতেকের বিপক্ষে।
“আমার মনে হয় সংবাদ সম্মেলন শেষের পর এখনই আমরা (ফ্লাইট) আরও কিছুটা পরিবর্তন করার চেষ্টা করব। বিষয়টি আসলেই খুব মজার। আমরা একটা তারিখ বেছে নিলাম। ভাবনাটা তখন এমন ছিল যে, ‘ঠিক আছে, ৬ দিন পর রোববার। আমরা রোববার বেছে নিলাম।’ আমি খুশি যে, আমাদের এখন তা পরিবর্তন করতে হবে।”
চারটি মেজরেই খেলেছেন লিস। এর আগে গ্র্যান্ড স্ল্যামে তার সেরা সাফল্য ছিল ২০২৩ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠা।
উন্মুক্ত যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ ষোলোয় ওঠা ষষ্ঠ ‘লাকি লুজার’ তিনি, মেলবোর্নে প্রথম। আগের কেউ কখনও এই রাউন্ড পার হতে পারেনি।
লিসের জন্যও নতুন রেকর্ড গড়া হবে খুব কঠিন। তার সামনে যে গত তিনবারের ফরাসি ওপেন জয়ী শিয়াওতেক। পোলিশ তারকার বিপক্ষে আগের একমাত্র দেখায় তিন বছর আগে স্টুটগার্টে হেরেছিলেন তিনি।
এ দিন তৃতীয় রাউন্ডে ব্রিটেনের এমা রাডুকানুকে স্রেফ ৭০ মিনিটে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে শেষ ষোলোয় ওঠেন ২৩ বছর বয়সী শিয়াওতেক।
