১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে বিওএ-বাফুফের শোক, ফেডারেশন কাপ ও নারী লিগের ম্যাচ স্থগিত

গণতন্ত্র, বহুদলীয় রাজনীতির সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ (বিওএ) বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার ফেডারেশন কাপ ও উইমেন’স ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় মারা যান খালেদা জিয়া। শোক বার্তায় বাফুফে তার সংগ্রামী ও সাহসী নেতৃত্বের দিকটি তুলে ধরেছে।

“আজ, বাংলাদেশ তার অন্যতম প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ মৃত্যুতে শোকাহত। তিনি কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং সাহস, দৃঢ়তা এবং নেতৃত্বের প্রতীক ছিলেন। তার যাত্রা, তার সংগ্রাম এবং তার দৃষ্টিভঙ্গি একটি প্রজন্মকে গড়ে তুলেছে। জাতি সর্বদা তাকে সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর সহানুভূতি এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

পরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে মঙ্গলবারের ফেডারেশন কাপ, উইমেন’স ফুটবল লিগ ও ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ ২০২৫-এর ফাইনাল ম্যাচ স্থগিতের কথা জানায়।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন শোক জানিয়েছে।

বিওএর শোক বার্তায় খালেদা জিয়ার গণতন্ত্র, বহুদলীয় রাজনীতির সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

“তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতির সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর অসামান্য অবদান এবং ত্যাগের জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন।”

“প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বেগম খালেদা জিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ দেশের খেলাধুলার উন্নয়ন এবং বিওএ’র কার্যক্রম পরিচালনায় আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং গুণাবলীর জন্য তিনি বিওএ’র প্রতিটি সদস্য ও কর্মকর্তাগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”