২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপায় ব্রাজিলের ব্যর্থতায় ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা

ফুটবলে ব্রাজিলকে পুনরায় চূড়ায় ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 11:57 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

ছন্নছাড়া পারফরম্যান্স এবং আগেভাগে কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ায় তীব্র সমালোচনার মুখে আছে ব্রাজিলের কোচ ও খেলোয়াড়রা। আক্রমণভাগের প্রাণভোমরা হওয়ার কথা যার ছিল, সেই ভিনিসিউস জুনিয়র কার্ডের নিষেধাজ্ঞায় কোয়ার্টার-ফাইনালে খেলতেও পারেননি। উরুগুয়ের বিপক্ষে হেরে থামে ব্রাজিলের পথচলা। এজন্য নিজেরই দায় দেখছেন ভিনিসিউস। দলের এবং নিজের ব্যর্থতার জন্য ক্ষমাও চাইলেন তারকা এই ফরোয়ার্ড।

চোটাক্রান্ত নেইমারের অনুপস্থিতিতে এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের আক্রমণভাগের ভার ছিল ভিনিসিউসের কাঁধে। রেয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আসা এই খেলোয়াড় পারেননি নিজেকে সেভাবে মেলে ধরতে। তার দলও পারেনি প্রত্যাশার প্রতিদান দিতে।

প্রথম পর্বে তিন ম্যাচের মাত্র একটি জিতে এবং অন্য দুটি ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে ব্রাজিল। এরপর কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের বিপক্ষে আরেকটি বাজে পারফরম্যান্স করে তারা। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় দরিভাল জুনিয়রের দল। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি স্ট্যান্ডে বসে দেখেন ভিনিসিউস।

এই নিয়ে টানা দুটি বড় টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। ২০২২ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে হেরেছিল তারা।

ব্যর্থ মিশন শেষে মঙ্গলবার ইনস্টাগ্রামে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বার্তা দেন ভিনিসিউস।

“(আমাদের জন্য) কোপা আমেরিকা শেষ হয়ে গেছে এবং এখন সময় নিজেদের পারফরম্যান্সের ওপর দৃষ্টি দেওয়া এবং পরাজয়ের ধাক্কা কিভাবে সামলে নিতে হয়, সেটা জানা। আবারও হতাশার অনুভুতি ফিরে এসেছে। আবারও টাইব্রেকারে।”

“দুটি হলুদ কার্ড এড়ানো যেত, কিন্তু আমি এড়াতে ব্যর্থ হয়েছি। আবারও দলের বাদ পড়া সাইডলাইনে থেকে দেখলাম। তবে এবার দোষটা আমার। এজন্য ক্ষমা চাই। আমি জানি, সমালোচনা শুনতে কেমন লাগে। বিশ্বাস করুন, সবচেয়ে কড়া সমালোচনা নিজের পরিবার থেকেই পাচ্ছি।”

একই সঙ্গে জানান ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ফুটবলের দুনিয়ায় সেলেসাওদের যেখানে থাকা উচিত, সেখানে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রেয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী তারকা।

“সৌভাগ্যবশত, জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। সতীর্থদের সঙ্গে মিলে আমার সামনে সুযোগ আছে আমাদের জাতীয় দলকে সেই জায়গায় ফেরানো, যেখানে তাদের আসল জায়গা। আমরা চূড়ায় ফিরব! আমি আপনাদের ভালোবাসি এবং চলুন সবাই মিলে এগিয়ে যায়।” 

এবারের কোপা আমেরিকায় চার ম্যাচে মোট পাঁচটি গোল করতে পারে ব্রাজিল। এর মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে একমাত্র জয়টি পায় তারা; ওই ম্যাচে দুটি গোল করেছিলেন ভিনিসিউস।