২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলের বাজারেও ‘বড় ক্লাব’ হয়ে উঠতে চায় লিভারপুল

এমনিতে দলবদলের বাজারে বরাবরই পরিমিত হলেও এবার দেদার খরচ করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

দলবদলের বাজারেও ‘বড় ক্লাব’ হয়ে উঠতে চায় লিভারপুল
দলবদলের বাজারে প্রায় ৩০ কোটি পাউন্ড খরচ করে ফেলেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 11:08 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

এমনিতে দলবদলের বাজারে বরাবরই পরিমিত লিভারপুল। খুব বেশি খরুচে নয় তারা কখনোই। তবে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রেকর্ড স্পর্শ করার পর ক্লাব কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা যে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি, সেই বার্তা দেওয়া উচিত দলবদলের বাজারেও। নিজেদের অবস্থান পোক্ত করতে আর ভবিষ্যতে তাকিয়েই এবার দেদার অর্থ ঢালছে তারা ফুটবলার কেনায়।

দলবদলের বাজারে এবার দারুণ সক্রিয় লিভারপুল। তাদের সবশেষ সংযোজন উগো একিতিকে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ফরাসি এই ফরোয়ার্ডকে পেতে নানা সংযুক্তিসহ তাদের খরচ ৭ কোটি ৯০ লাখ পাউন্ড। 

তাকে নিয়ে চলতি দলবদলে লিভারপুলের মোট খরচ ৩০ কোটি পাউন্ড ছুঁতে চলেছে। ক্লাব ছেড়ে যাওয়া ছয় ফুটবলার থেকে তাদের প্রাপ্তি ৬ কোটি ৪০ লাখ পাউন্ডের মতো। এই অঙ্ক বাদ দিলেও মোট খরচ বিশাল, লিভারপুলের জন্য যা বিরল ব্যাপার। 

আর্থিক স্থিতিশীলতার ব্যাপারটি এই ক্লাবের কাছে সবসময়ই দারুণ গুরুত্বপূর্ণ। এজন্য তারা বরাবরই খুব সাবধানী থাকে দলবদলের বাজারে। তবে দা আথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের প্রধান নির্বাহী বিলি হোগান বললেন, অনেক বছর ধরে আর্থিক স্থিতাবস্থা গড়ে তবেই দলবদলে এতটা খরচ করার ভিত পেয়েছে ক্লাবটি। 

“এটা স্রেফ এমনিই হয়ে যায়নি, অনেক বছর ধরেই এটা গড়ে উঠেছে। একটি ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে জোর দিয়েছি, তা হলো ‘গুণী চক্র।’ চেষ্টা করেছি ক্লাবকে সঠিক পথে পরিচালনা করতে, যতটা সম্ভব রাজস্ব যেন আয় করতে পারি। এটাই সহায়তা করেছে দলে আরও বেশি বিনিয়োগ করতে।”

“আলাদা করে স্রেফ একটি গ্রীষ্ম বিবেচনায় নিলে এটা উপলব্ধি করা কঠিন। এতে ভুল বোঝার অবকাশ থাকে। গত গ্রীষ্মেই অনেক আলোচনা হয়েছে যে, আমরা যথেষ্ট খরচ করিনি (দলবদলে)…।”

দলবদলের বাজারে যথেষ্ট খরচ না করা নিয়ে সমালোচনা হলেও গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে সব প্রতিদ্বন্দ্বীকে অনেকটা পেছনে ফেলে নতুন কোচ আর্না স্লটের কোচিংয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় লিভারপুল। প্রিমিয়ার লিগ জমানায় এটি তাদের স্রেফ দ্বিতীয় শিরোপা হলেও ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে ছিল ২০তম শিরোপা, যেখানে তারা স্পর্শ করে ম্যানচেস্টার ইউনাইডের রেকর্ড।

“আমরা এটাও বুঝতে পেরেছি যে, ইংলিশ লিগে রেকর্ড ২০তম শিরোপার পর আমরা বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলির একটি। আমরা এটা নিশ্চিত করতে চাই যে আমাদের পদক্ষেপও তেমন বড় ক্লাবের মতো হবে। অনেক বড় বৈশ্বিক তারকারা অ্যানফিল্ডে খেলবে, হংকং ও জাপানের মতো জায়গায় স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে লিভারপুলের খেলায়, আমাদের প্রত্যাশা এমন কিছুই।”

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এখন এশিয়া সফরে আছে লিভারপুল। হংকংয়ে শনিবার তারা লড়বে এসি মিলানের বিপক্ষে। আগামী বুধবার জাপানে তারা লড়বে ইয়োকোহামা এফএমের বিপক্ষে। 

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা আগামী ১৫ অগাস্ট, ঘরের মাঠে লড়বে গত মৌসুমের চমক বোর্নমাউথের সঙ্গে।