১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেকের মন্ত্রিসভায় দুই সাবেক ফুটবলার হাফিজ ও আমিনুল

এ নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যে তিনজন মন্ত্রিত্ব পেলেন।

তারেকের মন্ত্রিসভায়  দুই সাবেক ফুটবলার হাফিজ ও আমিনুল
মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম (বামে) ও আমিনুল হক। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুই সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন বীর বিক্রম ও আমিনুল হক। এর আগে অবশ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাফিজ উদ্দিন; তবে, আমিনুল এবারই প্রথম।

সংসদ ভবন চত্বরে মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। নতুন সরকারেও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন এবং টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন আমিনুল।

ফুটবলের আঙিনা থেকে এ নিয়ে তিনজন মন্ত্রী দেখল বাংলাদেশ, যার শুরুটা হয়েছিল হাফিজ উদ্দিনকে দিয়ে। ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলা হাফিজ উদ্দিন মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি স্ট্রাইকার হিসেবে খেলেছেন মোহামেডানের হয়ে। 

১৯৭৩ সালের ঢাকা প্রথম বিভাগ লিগে মোহামেডানের হয়ে ফায়ার সার্ভিসের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে একাই ছয় গোল করেছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা ছিল প্রথম।

বুটজোড়া তুলে রাখার পর সংগঠক হিসেবে ভূমিকাও রাখেন হাফিজ উদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিকসেও পারদর্শী ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদ। 

রাজনীতির ময়দানে ১৯৮৬ সালে ভোলা থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাফিজ উদ্দিন। এরপর স্বতন্ত্র ও বিএনপির হয়েও সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। অতীতে তিনবার মন্ত্রিত্ব পাওয়া এই সাবেক ফুটবলার ও রাজনীতিক নতুন সরকারেও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জিততে পারেননি আমিনুল। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীত্ব পেয়েছেন তিনি। ১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল টানা ২০ বছর দাপটের সাথে খেলেছেন পেশাদার ফুটবল। ক্যারিয়ারে সবচেয়ে সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রের গোলপোস্টে। জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জয়ী দলের সদস্য আমিনুল ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ী বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন। 

সাবেক এই গোলরক্ষক ফুটবল ছাড়ার পরপরই রাজনীতির আঙিনায় পা রাখেন। বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন তিনি। প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। 

মাঝে সাবেক ফুটবলার থেকে মন্ত্রী হয়েছিলেন আরিফ খান জয়। বাংলাদেশ জাতীয় দল এবং আবাহনীর সাবেক অধিনায়ক ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

ক্রীড়াঙ্গণ থেকে সংসদে যাওয়ার নজির অবশ্য আরও আছে। মাহবুব আরা গিনি (অ্যাথলেটিকস), আব্দুস সালাম মুর্শেদী (ফুটবল) , নাইমুর রহমান দুর্জয় (ক্রিকেট), সাকিব আল হাসান (ক্রিকেট) ও মাশরাফি বিন মুর্তজা (ক্রিকেট) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।