রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির নতুন ভিডিও, বার্সেলোনা কোচ বলছেন, ‘ঠিক নয়’
এসব নিয়ে না ভেবে খেলোয়াড়দের ঠিকভাবে প্রস্তুত করায় মনোযোগ দিচ্ছেন হান্সি ফ্লিক।
রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই বাড়তি উত্তাপ। লা লিগার ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল। দুই দলের পাশাপাশি আলাদা নজর থাকবে এই ম্যাচের রেফারি হোসে মারিয়া সানচেসের ওপরও। তার আগের করা ‘ভুলগুলো’ নিয়ে এরই মধ্যে ভিডিও প্রকাশ করেছে রেয়াল মাদ্রিদ টিভি। যা ঠিক হয়নি বলে মনে করছেন হান্সি ফ্লিক। তবে রেফারিং নিয়ে না ভেবে কেবল নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়ার কথা বলছেন বার্সেলোনা কোচ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার মুখোমুখি হবে রেয়াল ও বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে বেশিরভাগ ম্যাচের আগে ও পরে রেফারির ‘ভুলগুলো’ তুলে ধরে তাদের সমালোচনা করে ভিডিও প্রচার করে আসছে রেয়াল মাদ্রিদ টিভি। সেই ধারাবাহিকতায় ক্লাসিকোর আগেও একটি ভিডিও প্রকাশ করেছে তারা। আগে রেয়ালের যে ম্যাচগুলোতে দায়িত্বে ছিলেন সানচেস, সেখানে তার ‘ভুলগুলো’ তুলে ধরা হয়েছে ভিডিওতে।
ওই ভিডিওর বিষয়েই শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ফ্লিককে, যার প্রথম ক্লাসিকো হতে যাচ্ছে এটি। বার্সেলোনার জার্মান কোচ তুলে ধরেন তার ভাবনা।
“রেয়াল মাদ্রিদ টিভির ভিডিও সম্পর্কে জানতাম না, তবে যা হচ্ছে তা ঠিক নয়। রেফারিদের কাজ খুব কঠিন, আর আমার কাজ হলো খেলোয়াড়দের প্রস্তুত করা। আমার অনেক অভিজ্ঞতা আছে এবং রেফারিদের সঙ্গে আমার কখনও কোনো সমস্যা হয়নি।”
“মৌসুমের শুরুতে দলের সবাইকে বলেছি, রেফারির ওপর নয়, আমাদের মনোযোগ দেওয়া উচিত পারফরম্যান্সের দিকে। আমরা এসব নিয়ে ব্যস্ত থাকতে পারি না, আমাদের পারফরম্যান্সের ওপর পূর্ণ মনোযোগ দিতে হবে।”
রেফারিকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভি ভিডিওর বিষয়ে গত মৌসুমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) অভিযোগ দায়ের করেছিল সেভিয়া।
লা লিগায় এবার ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল।
