Published : 19 Jan 2026, 05:56 PM
অসংখ্য সুযোগ হারিয়ে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর রেফারি হেসুস গিল মানসানোর ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ফ্রেংকি ডি ইয়ং। এই ম্যাচে বার্সেলোনাকে নেতৃত্ব দেওয়া ডাচ মিডফিল্ডারের মতে, এমন আচরণ করতে পারেন না রেফারি।
লা লিগার ম্যাচে রোববার ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচে আরও তিনবার জালে বল পাঠালেও বিভিন্ন কারণে গোল পায়নি তারা। দানি ওলমোর দুটি শট ব্যর্থ হয় পোস্টে লেগে।
অনেক সুযোগ হাতছাড়া করার আক্ষেপে পুড়ছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও রোনাল্দ আরাউহোর অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে খেলা ডি ইয়ং।
“আমার মনে হয়, আজ রাতে জয় আমাদের প্রাপ্য ছিল। সেটা করার সুযোগ আমাদের ছিল, কিন্তু এর জন্য তো গোল করতে হবে। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি, কিন্তু ম্যাচটা জিততে পারিনি।”
“জিততে হলে আপনাকে গোল করতে হবে। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। তাদের গোলরক্ষক এই ম্যাচে খুব ভালো খেলেছে।”
রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে হলুদ কার্ড দেখেন ডি ইয়ং। ব্যাপারটা একদমই ভালো লাগেনি বার্সেলোনার তৃতীয় অধিনায়কের।
“একমাত্র যে কথাটা আমি বলতে পারি সেটা হলো, আপনি এই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। আমি অধিনায়ক এবং আমি ব্যাপারটা বুঝতে পারিনি। সে আমার দিকে এমন ভাব নিয়ে তাকায়, যেন সে বলতে চাচ্ছে ‘আমি তোমার ওপরে।’ এটা হতাশাহজনক। সে এই ধরনের আচরণ করতে পারে না।”
“ম্যাচের শেষ দিকে, আমি রেফারিকে বলেছিলাম আমাদের আরও বেশি সময় দিতে। কিন্তু সে দেয়নি। ৯ মিনিট পর সে শেষ বাঁশি বাজিয়ে দেয়, যেটা আমার কাছে পাগলাটে মনে হয়েছে। আমি তাকে সেটিই বলি, আর সে আমাকে কার্ড দেখায়। আপনি এই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না।”
২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।