২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষপথে ফিরতে বেনফিকার বিপক্ষে জিততে মরিয়া বায়ার্ন

পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে বাকি সব ম্যাচেই জয় চান ভিনসেন্ট কোম্পানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 08:05 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

ঘরোয়া লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণভাবে ছুটে চলা বায়ার্ন মিউনিখ গতি পাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে। টানা দুই হারের ধাক্কা সামলে ইউরোপ সেরার মঞ্চেও এবার তারা কক্ষপথে ফিরতে মরিয়া। সেই লক্ষ্যে বেনফিকার বিপক্ষে যেকোনো মূল্যে জয় চাই-ই চাই জার্মান ক্লাবটির।

বুন্ডেসলিগায় ৯ রাউন্ড শেষে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগেও দিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করে শুরুটা দুর্দান্ত করেছিল তারা। কিন্তু পরের দুই রাউন্ডে অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে এবং বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হেরে বসে ভিনসেন্ট কোম্পানির দল।

চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে বায়ার্ন নেমে গেছে ২৩ নম্বরে (মঙ্গলবারের আগ পর্যন্ত)। নতুন ফরম্যাটের নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়, পরের ১৬ দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে আটটি দল উঠবে পরের ধাপে।

তবে বায়ার্ন কোচ কোম্পানি এখনই অতদূর ভাবতে চাচ্ছেন না। তার এখন একমাত্র চাওয়া, ঘরের মাঠে আসছে ম্যাচে জয়।

“বেশি দূরের কিছু নিয়ে এখন ভাবতে চাই না, কারণ আমাদের হাতে অনেক ম্যাচ আছে। বেনফিকার বিপক্ষে আমাদের জিততে হবে। জানুয়ারিতে কী হবে, সেসব ভেবে এখন সময় ব্যয় করতে চাই না।”

“কিভাবে কী হবে, কেউ জানে না। আমরা শুধু জানি, বুধবার আমরা জয় চাই। আমরা ঘরের মাঠে খেলব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচের দুটিতে জিতেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

সাবেক বেলজিয়ান তারকা মিডফিল্ডার কোম্পানি দূরের কিছু নিয়ে ভাবতে চান না প্রথমে বললেও, পরে ঠিকই শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে ওঠার প্রত্যয় ব্যক্ত করলেন।

“পয়েন্ট তালিকার শীর্ষ আটের মধ্যে জায়গা পেতে একটা দলকে আট ম্যাচের মধ্যে ৬টিতে জিততে হবে। আর তিনটিতে জিতলে হয়তো প্লে-অফের জায়গা পাওয়া যাবে। আমার লক্ষ্য প্রথম আট দলের মধ্যে জায়গা করে নেওয়া।”