২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালন দ’র অনুষ্ঠানে যাচ্ছেন না ভিনিসিউস-এমবাপেরা, খবর ইএসপিএনের

রেয়াল মাদ্রিদের কেউ প্যারিসের অনুষ্ঠানে যাবেন না বলে সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 09:06 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

ব্যালন দ’র অ্যাওয়ার্ডস অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে বিস্ফোরক এক খবর ছড়িয়ে পড়েছে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ব্যালন দ’র অনুষ্ঠানের জন্য প্যারিসে যাচ্ছেন না রেয়াল মাদ্রিদের কেউ, কারণ ক্লাবটি বুঝতে পেরেছে যে, তাদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র বর্ষসেরার পুরস্কারটি পাচ্ছেন না। 

এই বছরের ব্যালন দ’র জয়ে সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে ভিনিসিউসকে। গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন দ’র ২০২৪। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে অনুষ্ঠান।

ইএসপিএনকে তাদের সূত্র জানিয়েছে, ব্যালন দ’রের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ভিনিসিউস, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার, ফেদেরিকো ভালভের্দের পাশাপাশি সেরা গোলরক্ষকের লড়াইয়ে থাকা আন্দ্রি লুনিন, কোপা ট্রফির জন্য মনোনীত আর্দা গিলের, সেরা কোচের তালিকায় থাকা কার্লো আনচেলত্তি উয়েফার সহযোগিতায় ফ্রান্স ফুটবলের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন না।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিউসের ব্যালন দ’র না জেতাটা ‘অন্যায়’ ও ‘অসম্মানজনক’ হবে বলে মনে করছে ক্লাবের একটি সূত্র। এর প্রতিবাদে প্যারিসের অনুষ্ঠানে যাবেন না তারা। ক্লাবের অন্য আরেকটি সূত্র এটিকে ‘ঐতিহাসিক ডাকাতি’ হিসেবে উল্লেখ করেছে।

রেয়ালের কোনো প্রতিনিধি প্যারিসে যাচ্ছেন না বলে খবর প্রকাশ করেছে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমও।

ইউরোপের সফলতম ক্লাবটি এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার খবরে বলা হয়েছে, রেয়াল থেকে ৫০ জনের ব্যালন দ’র অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।

এর আগে এদিন ভোটাভুটির ভিত্তিতে ব্যালন দ’রের ১২ জনের একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সবার ওপরে দেখা যায় ভিনিসিউসের নাম।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিউস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তিনি করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক।

জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় জাতীয় দল ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বে ভিনিসিউস জোড়া গোল করেন প্যারাগুয়ের বিপক্ষে। কার্ডের খাড়ায় কোয়ার্টার-ফাইনাল খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল।

অনেকেই বলে আসছেন, এবারের ব্যালন দ’র প্রাপ্য ২৪ বছর বয়সী এই ফুটবলারের।

গত সপ্তাহে রেয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি সে জিতবে।’

ইএসপিএন-এর খবর অনুযায়ী, এখন রেয়ালের বিশ্বাস, পুরস্কারটি জিততে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

গত মৌসুমে সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন রদ্রি। গত জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়েও এই স্প্যানিয়ার্ড রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, জেতেন টুর্নামেন্টের সেরার খেলোয়াড়ের পুরস্কার।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ছেলেদের ফুটবলে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন ব্যালন দ’র বিজয়ী।