২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইরের সমালোচনায় কান দিচ্ছেন না এন্দ্রিক

লিলের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে রেয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড বললেন, ফুটবল এমনই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 05:54 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

শুরু আর শেষে কী নিদারুণ পার্থক্য। মাঠে নামতেই এন্দ্রিকের হাতে ধরা দেয় দারুণ এক কীর্তি; চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের শুরুর একাদশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন এই ব্রাজিলিয়ান। নিষ্প্রভ ফুটবলে লিলের বিপক্ষে হেরে অজেয় যাত্রা থামার পর আবার এলেন আলোচনায়। তবে এবার ব্যর্থতার জন্য। সব দেখে তরুণ ফরোয়ার্ডের উপলব্ধি, এটাই ফুটবল। 

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে ফ্রান্সের দল লিলের মুখোমুখি হয় শিরোপাধারী রেয়াল। চোট থেকে ফেরা কিলিয়ান এমবাপের জায়গায় এদিন শুরু থেকে খেলেন এন্দ্রিক। 

১৮ বছর ৭৩ দিন বয়সে শুরুর একাদশে জায়গা পেয়ে ভাঙেন কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ডটি গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

পালমেইরাস থেকে চলতি মৌসুমে ইউরোপের সফলতম দল রেয়ালে যোগ দেওয়া এন্দ্রিক ম্যাচে দেখাতে পারেননি সামর্থ্যের ঝলক। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচ শেষে সমালোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে এন্দ্রিক বলেন, প্রশংসা আর সমালোচনা- এগুলো নিয়েই ফুটবল।

“সত্যি বলতে, আমি কোনো কিছু (সমালোচনা) দেখিনি। তবে এটাই ফুবল। আপনি একটা গোল করলে সবাই রোমাঞ্চিত হবে। আবার হেরে গেলে সবাই আপনাকে ছুড়ে ফেলবে।”

“অনেক আগে যখন আমি পালমেইরাসে ছিলাম, তখনও আমার সঙ্গে এমনটা হয়েছিল। এগুলো উপেক্ষা করাটা আমি শিখেছি। আমি ছোট্ট ‘এগুলো কোনো ব্যাপার নয়’ বাটন চাপ দিয়েছি। কেবল নিজের কোচ ও সতীর্থদের পরামর্শ শুনি আমি। এটাই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে যেগুলো আসে সেগুলোকে আমি গুরুত্ব দেই না।”

অপ্রত্যাশিত হারে ভীষণ হতাশ রেয়াল কোচ আনচেলত্তি। কোনো অজুহাত দেখাননি তিনি। কাঠগড়ায়ও তোলেননি কাউকে। বললেন, এন্দ্রিকের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

“সে ভালো করেছে। একটা পরিষ্কার সুযোগ পেয়েছিল। তার ফিনিশিং ভালো হয়নি, তবে সে তরুণ এবং আমাদের সঙ্গে থাকার মান তার আছে।” 

এই ম্যাচে ৫৭ মিনিট মাঠে থেকে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারেন এন্দ্রিক। এফবি স্টুটগার্টের বিপক্ষে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে একটি গোল করেছিলেন তিনি। শুরুর একাদশে খেলাটাকে ভিন্ন এক চ্যালেঞ্জ মনে হচ্ছে তার।

“এটা অসাধারণ এক অনুভূতি। আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আছি। এখানে শুরু থেকে খেলা কঠিন।”

“আনচেলত্তি সব সময় আমার সঙ্গে কথা বলেন। বলেন, এখানে থাকাটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমি অন্যদের কাছ থেকে শিখছি। এখানে থাকতে পেরে আমি খুশি। তিনি আমাকে শান্ত থেকে খেলার কথা বলেন, হাসিখুশি থাকতে বলেন, এই ম্যাচও এর ভিন্ন কিছু নয়।”

“যখন জানলাম, আমি খেলতে যাচ্ছি, তিনি আমাকে শান্ত থাকতে বলেছিলেন। নিজের খেলাটা খেলতে বলেছিলেন। আনচেলত্তির সঙ্গে অনুশীলন করে আমি খুশি। সবাই যেমন জানেন, তিনি অসাধারণ একজন কোচ। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরে আমি খুশি।”

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা অবসানের পর আগামী শনিবার মাঠে নামবে রেয়াল। লা লিগার ম্যাচে সেদিন ভিয়ারেয়ালের মুখোমুখি হবে তারা।