চোটজর্জর মৌসুমের ‘চ্যালেঞ্জ’ টের পাচ্ছেন গুয়ার্দিওলা
মৌসুমের সামনের ম্যাচগুলোতে চোটের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা ম্যানচেস্টার সিটি কোচের।
লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছেও হেরেছে ম্যানচেস্টার সিটি। প্রথম পরাজয়ে থেমেছে প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের প্রায় পাঁচ মাসের অপরাজিত যাত্রা। আর দ্বিতীয়টিতে সমাপ্তি ঘটেছে প্রিমিয়ার লিগে তাদের ৩২ ম্যাচের হার না মানা দৌড়ের।
বোর্নমাউথের বিপক্ষে মূল একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে চোটের কারণে নামাতে পারেননি পেপ গুয়ার্দিওলা। হারের পর চোটকে দায় দেননি তিনি। তবে দলের চোট সমস্যা যে সামনে চলার পথে বড় চ্যালেঞ্জ হতে পারে, তা বুঝতে শুরু করেছেন স্প্যানিশ কোচ।
জয়ে ফেরার অভিযানে মঙ্গলবার রাতে স্পোর্তিং লিসবনের মুখোমুখি হবে ম্যান সিটি। এরপর লিগের তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাইটন, টটেনহ্যাম ও লিভারপুল।
নিজ দলের ওপর সবার প্রত্যাশার ব্যাপারে সচেতন থাকলেও, স্পোর্তিংয়ের মাঠে নামার আগে সামনের এই সূচি মাথায় রেখে যে কোনো নেতিবাচক ফলের ব্যাপারেও আগেভাগেই সতর্ক করে রাখলেন গুয়ার্দিওলা।
“নিজেদের মান আমি জানি। তবে আমরা মাত্র একটি ম্যাচ হেরেছি। হয়তো প্রিমিয়ার লিগে সামনে আরও হারতে পারি... ব্রাইটন, টটেনহ্যাম ও লিভারপুলের বিপক্ষে।”
“আমরা লিভারপুলের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। তারা সেরা পর্যায়ের দল। চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভালো শুরু করেছি। তবে আমি জানি, মানুষ চায় আমরা যেন লিগে ৩৮টি ম্যাচই জিতি এবং প্রতি মৌসুমে ট্রেবল জিতি। যেহেতু এগুলোই আমাদের মান।”
এরই মধ্যে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন সিটির ব্যালন দ'র জয়ী রদ্রি ও অস্কার বব। চোটের কারণে জন স্টোনস, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াসকে ইংল্যান্ডে রেখেই পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
মানুয়েল আকাঞ্জি, নাথান আকে এবং কাইল ওয়াকারের চোট সমস্যা থাকলেও রাখা হয়েছে স্কোয়াডে। এখনও সেরে ওঠার পথে কেভিন ডে ব্রুইনে ও সাভিনিয়ো।
দলে এত এত চোট সমস্যা থাকলে সামনে এগোনোর পথ যে চ্যালেঞ্জিং হয়ে যায় সে কথা মেনে নিলেন গুয়ার্দিওলা।
“এবার এটি (ট্রেবল জয়) কঠিন, কারণ আমাদের দলে বেশ কয়েকজন অনুপস্থিত। যা বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে।”
“কখনও কখনও ট্রেবল জিততে হলে চোটসহ সবকিছু একই কাতারে থাকতে হয়। তবে এবার সেটি সম্ভব নয়... দলগুলো খুবই শক্তিশালী এবং সবকিছু আরও কঠিন। আমাদের এটি মানতে হবে। এটিই চ্যালেঞ্জ।”
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে ম্যান সিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোলের হিসেবে পিছিয়ে থাকায় স্পোর্তিংয়ের অবস্থান অষ্টম।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনও অপরাজিত আছে স্পোর্তিং। ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দলটিকে ৫-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। গুয়ার্দিওলার ধারণা, স্পোর্তিংয়ের খেলার ধরনে বদল আসেনি।
“দুই মৌসুম আগে যেমন মোকাবিলা করেছিলাম, তারা প্রায় একই ধরনের খেলা খেলে। তাদের প্যাটার্ন খুবই পরিষ্কার। তারা ফুটবলার বদলেছে। তবে ম্যানেজার একই এবং তাদের মানসিকতাও আগের মতোই আছে।"
