এমবাপেকে নিয়ে দল সাজাতে সমস্যা দেখছেন না আনচেলত্তি
রেয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, আক্রমণভাবে ভালোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারবেন ফরাসি তারকা।
রেয়াল মাদ্রিদে কোথায় খেলবেন কিলিয়ান এমবাপে, এমন আলোচনা চলছে কিছুদিন ধরে। ফরাসি তারকাকে নিয়ে দল সাজাতে অবশ্য সমস্যার কিছু দেখছেন না দলটির কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ইউরোপের সফলতম ক্লাবটির আক্রমণভাগে ভালোভাবেই ফিট হবেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
গত মাসে পিএসজি ছেড়ে রেয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এমবাপে। আর চলতি মাসে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে তাকে বরণ করে নেয় স্প্যানিশ ক্লাবটি। আগামী পাঁচ বছর দলটির হয়ে মাঠ মাতাবেন তিনি।
বাঁ উইং ধরে আক্রমণ শাণাতে বেশি পছন্দ করেন এমবাপে। কিন্তু রেয়ালে এই পজিশনে বেশিরভাগ সময় খেলতে দেখা যায় ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রকে। তাই এমবাপের পজিশন কী হবে, সেটা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি এক পডকাস্টেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয় আনচেলত্তিকে। এমবাপের জন্য নির্দিষ্ট কোনো ভূমিকা এখনও ভাবেননি বলে জানান রেয়াল কোচ। তবে তার বিশ্বাস, আক্রমণভাগে অনেক জায়গা আছে যেখানে নিজেকে মানিয়ে নিতে পারবেন এমবাপে।
“সত্যি বলতে, আমি এটা (এমবাপের পজিশন) নিয়ে ভাবিনি। এমবাপেকে নিয়ে দল সাজাতে কোনো সমস্যা হবে না। সে যা বলেছিল তা মনে রাখা গুরুত্বপূর্ণ: সে দলে মানিয়ে নেবে। মূল কথা হলো, প্রত্যেক খেলোয়াড়কে দলের জন্য প্রতিভা ও মান দিয়ে অবদান রাখতে হবে।”
গত মৌসুমে আক্রমণভাবে ভিনিসিউস, রদ্রিগো ও জুড বেলিংহ্যামকে নিয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রেয়াল। ধারণা করা হচ্ছে, আসছে মৌসুমে ৪-৩-৩ ফরমেশনে দলকে খেলাবেন আনচেলত্তি। যেখানে আক্রমণে এমবাপের সঙ্গে থাকবেন ভিনিসিউস ও রদ্রিগো।
“কখনও একজন খেলোয়াড় বাঁ দিকে খেলতে পারে, কখনও আবার মাঝমাঠে। আমি তাকে (এমবাপে) সামনে খেলানোর কথা ভাবছি এবং আক্রমণভাগ বেশ বিস্তৃত। (মজা করে) মাঠ ৬৮ মিটার চওড়া, সামনে থাকা খেলোয়াড়দের নিয়েই ওই ৬৮ মিটার কাভার করতে হবে।”
“ভিনিসিউস হতে পারে। কারণ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভিনিসিউস গত মৌসুমে কোথায় খেলেছে, এই উত্তর দেওয়া কঠিন। সে (লেফট) উইঙ্গারের মতো খেলেনি।”
পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপের সঙ্গে কী কথা হয়েছে, সেটাও তুলে ধরেন আনচেলত্তি।
“দুটি বিষয়; প্রথমত, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি, কারণ রেয়াল মাদ্রিদ এবং সমর্থকদের কাছ থেকে অভ্যর্থনা অসাধারণ ছিল। দ্বিতীয়ত, আমি তাকে বিশ্রাম নিতে বলেছি, ছুটিতে যেতে বলেছি কারণ খেলোয়াড়দের জন্য অনেক লম্বা মৌসুম ছিল।”
