২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনোরকমে জিতে সেমিতে উঠেও ‘খুবই খুশি’ আর্তেতা

১৬ শটের টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শেষ চারে উঠেছে আর্সেনাল, তাদের সামনে এখন চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 10:16 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

দুই দল মিলিয়ে প্রথম ১৫ শটের সবকটিই পৌঁছে গেল জালে। টাইব্রেকারের ষোড়শ শটটি নিতে এলেন মাক্সোস লাখোয়া। আত্মঘাতী গোল করে এমনিতেই চাপে ছিলেন ক্রিস্টাল প্যালেসের এই ফরাসি ডিফেন্ডার। টাইব্রেকারেও ব্যর্থ হয়ে ম্যাচটি তার জন্য পরিণত হলো বিভীষিকায়। শটটি ঠেকিয়ে দিলেন কেপা আরিসাবালাগা। শঙ্কা পেরিয়ে আর্সেনাল পৌঁছে গেল লিগ কাপের সেমি-ফাইনালে। জয়টা খুব সহজে না এলেও সন্তুষ্ট আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

ইংলিশ লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে ৮-৭ গোলে হারায় আর্সেনাল। স্পট কিকে ফয়সালার আগে ম্যাচে ছিল ১-১ সমতা।

আগের ম্যাচে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে জয়ের একাদশ থেকে আটটি পরিবর্তন এনে দল সাজান আর্তেতা। তারপরও ঘরের মাঠে ম্যাচজুড়ে একতরফা দাপট ছিল আর্সেনালের। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। গোলে শট নেয় তারা ১৭টি, এর সাতটি ছিল লক্ষ্যে। কিন্তু একের পর সুযোগ হাতছাড়া করেন তারা। বিশেষ করে প্রথমার্ধে দৃষ্টিকটূভাবে ব্যর্থ হন তারা জালের দেখা পেতে।

৮০তম মিনিটে লাখোয়ার আত্মঘাতী গোল আর্তেতার দলকে এগিয়ে নেয়। সেই গোলই জয়ের জন্য যথেষ্ট হবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে প্যালেসকে সমতায় ফেরান মাক গেয়ি।

পরে সেই টাইব্রেকার, যেখানে রুদ্ধশ্বাস উত্তেজনার পর জিতে যায় আর্সেনাল। ক্রিস্টালের অষ্টম আর দুই দল মিলিয়ে ষোড়শ প্রচেষ্টায় লাখোয়ার শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আরিসাবালাগা। উল্লাসে মেতে ওঠে ফুটবলার ও সমর্থকেরা।  

জয়টা প্রত্যাশিত পথে আসেনি। তবে পথ যেমনই হোক, গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট কোচ আর্তেতা।

“আমি খুবই খুশি। আমরা সেমি-ফাইনালে পৌঁছে গেছি, যেখানে আমরা থাকতে চেয়েছিলাম। আমি সত্যিই খুশি, বিশেষ করে এত পরিবর্তনের পরও জিততে পেরে। খুবই সংগঠিত একটি দল, যাদের বিপক্ষে সুযোগ কাজে লাগানো খুব কঠিন, তাদের বিরুদ্ধে যে একতা, প্রাণশক্তি ও মান আমরা মেলে ধরেছি, তাতে আমি খুশি।”

“ব্যবধান অবশ্যই বড় হতে পারত আরও অনেক। সেটা হয়নি এবং (শেষ সময়ে গোল হজম করা) মানসিকভাবে মেনে নেওয়া ছিল কঠিন। কারণ এরকম সময়ে প্রতিপক্ষ টাইব্রেকার কাজে লাগিয়ে জিতে যেতে পারে। তবে শুট-আউটে আমরা ধীরস্থির থেকেছি, স্থিরতা দেখিয়েছি।”

শেষ সময়ে গোল হজম করাটা আর্সেনালের জন্য দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে এই নিয়ে পঞ্চমবার তাদের জালে বল ঢুকল ম্যাচের শেষ ১০ মিনিটে। আর্তেতা নিজেও এখানে উন্নতির প্রয়োজন দেখছেন।

“জয়ের ব্যবধান যদি বড় হতো, যদি তিন-চার গোলে জিততাম, তাহলে শেষ সময়ের গোলে ভাবনার কিছু ছিল না। কিন্তু আমরা খুব কম ব্যবধানে জিতছি। যখন ট্রফি জয় করতে চাই, তখন ছোট ছোট প্রতিটি ব্যাপারে মনোযোগ দিতে হয়। আমরা এটা নিয়েও কাজ করতে থাকব।”

সেমি-ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। দুই লেগের সেমি-ফাইনাল হবে আগামী মাসে ও ফেব্রুয়ারিতে।