২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার সাঁতারুকে সমর্থন করে সমালোচনার মুখে অস্ট্রেলিয়ান কোচ

প্রতিদ্বন্দ্বী সাঁতারুকে নিয়ে মাইকেল প্যালফ্রের মন্তব্য ভালোভাবে নেয়নি অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 09:09 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

‘অস্ট্রেলিয়ান সাতারুদের হারিয়ে’ প্যারিস অলিম্পিকসে ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিততে পারেন দক্ষিণ কোরিয়ান সাতারু কিম উ-মিন, এমন আশাবাদ জানিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন মাইকেল প্যালফ্রে।

প্যারিস অলিম্পিকসে অস্ট্রেলিয়ার সাতারু দলের কোচদের একজন প্যালফ্রে। গত ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ফ্রিস্ট্রাইলে স্বর্ণ জেতা কিমের সঙ্গেও কাজ করেছেন তিনি।

কিমকে নিয়ে সম্প্রতি দক্ষিণ কোরিয়ান গণমাধ্যমে প্যালফ্রে বলেন, “আমি সত্যিই মনে করি, সে জিততে পারে। তবে শেষ পর্যন্ত এটাই আশা করব, সে ভালো সাঁতার কাটবে।” 

প্রতিদ্বন্দ্বী সাতারুকে নিয়ে প্যালফ্রের এমন কথা ভালোভাবে নিতে পারেনি অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি। অস্ট্রেলিয়া দলের শেফ দা মিশন আনা মেয়ার্স বলেছেন, পালফ্রের মন্তব্য ‘বিস্ময়কর ও ধাক্কা লাগার মতো’।

প্যালফ্রের সঙ্গে এনিয়ে কথা বলবেন অস্ট্রেলিয়ার প্রধান সুইমিং কোচ রোহান টেইলর। বৃহস্পতিবার পরবর্তী পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে প্যারিসেই আছেন প্যালফ্রে।

এবারের অলিম্পিকসে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাতারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কিমের পাশাপাশি স্বর্ণপদকের দাবিদার অস্ট্রেলিয়ান স্যাম শর্ট ও ইলাইজা উইনিংটন। আগামী শনিবার হবে সাঁতারের এই ইভেন্ট।