ফ্রান্স-পর্তুগাল: রেয়ালের অতীত ও ভবিষ্যত তারকার লড়াই
কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স ও পর্তুগালের ম্যাচে দেখা হবে রেয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো ও সম্ভাব্য ভবিষ্যৎ তারকা কিলিয়ান এমবাপের।
নিজ ঘরে বসে আছেন কিলিয়ান এমবাপে, আশপাশে দেয়ালজুড়ে ক্রিস্তিয়ানোর রোনালদোর পোস্টার- এমবাপের ছোটবেলার এমন ছবিটি অনেক দিন থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল। যাকে আদর্শ মেনে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছেন, সেই রোনালদোর সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদেই এবার নাম লিখিয়েছেন এমবাপে। বলা যায়, দুজনকে মিলিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
আন্তর্জাতিক ফুটবলে সেই সুযোগ নেই। দুজন খেলেন দুই দেশের হয়ে। তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবেন রোনালদো ও এমবাপে। যেখানে হতে চলেছে রেয়ালের অতীত ও সম্ভাব্য ভবিষ্যত তারকার লড়াই।
এমন না যে, এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন রোনালদো ও এমবাপে। ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের পিএসজিকে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়েছিল রোনালদোর রেয়াল। ধারে মোনাকো থেকে পিএসজিতে খেলছিলেন এমবাপে।
এছাড়া সবশেষ ইউরোতে গ্রুপ পর্বে রোনালদোর জোড়া গোলেই ফ্রান্সের সঙ্গে ড্র করেছিল পর্তুগাল। দুই ম্যাচের একটিতেও জালের দেখা পাননি এমবাপে।
রেয়ালে নাম লেখানোর পর এবারই প্রথম রোনালদোর মুখোমুখি হতে চলেছেন এমবাপে। যেখানে সেরা সময় পেছনে ফেলে অনেকটাই শেষের কাছে পর্তুগিজ মহাতারকা। বিপরীতে ক্যারিয়ারের চূড়ায় উঠতে শুরু করেছেন ফ্রান্স অধিনায়ক।
২০০৯-১০ মৌসুমে রেয়ালে যোগ দেওয়ার পর প্রথমে ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন রোনালদো। এবার পিএসজি থেকে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখানো এমবাপেকেও দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সি।
২৫ বছর বয়সী এই তারকার কাঁধেই ২০০০ সালের পর আবার ফ্রান্সকে শিরোপা জেতানোর গুরুদায়িত্ব। আর সেরা সময় পার করে এলেও ৩৯ বছর বয়সী রোনালদোর প্রতিও আকর্ষণের কমতি নেই। পর্তুগালের হয়ে নিয়মিত খেলে চলেছেন তিনি।
স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে কয়েকটি লক্ষ্যভ্রষ্ট ফ্রি-কিকের পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন রোনালদো। তবে টাইব্রেকারে প্রথম শটেই লক্ষ্যভেদ করে চাপ কিছুটা কমিয়ে দেন পর্তুগাল অধিনায়ক। এখনও মূল ম্যাচে গোলের খোঁজে তিনি।
বিপরীতে চলতি ইউরোয় এখন পর্যন্ত চার ম্যাচে ফ্রান্সের গোল ৩টি। এর দুটি আত্মঘাতী। আর অন্যটি? এমবাপের। তবে সেটি পেনাল্টি থেকে। তাই এখনও ওপেন প্লে থেকে গোলের অপেক্ষা রয়েই গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
রেয়ালের অতীত ও ভবিষ্যতের দুই তারকার মুখোমুখি ম্যাচে তাই লড়াইয়ের ভেতরেও থাকবে আরও অনেক লড়াই।
বিবিসি যেমন তাদের প্রতিবেদনে লিখেছে, এটি যদি হলিউডের কোনো চিত্রনাট্য হতো, তাহলে এই ম্যাচকে বলা হতো পালাবদলের মুহূর্ত। যেখানে পর্তুগালকে হারিয়ে দিত ফ্রান্স এবং রোনালদোর কাছ থেকে রেয়ালকে এগিয়ে নেওয়ার দায়িত্বটাও বুঝে নিতেন এমবাপে।
তবে ফুটবল কখনও চিত্রনাট্য মেনে চলে না। রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২০১০ সালের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এর ৬ বছর পর আন্তর্জাতিক শিরোপার ছোঁয়া পেয়েছিলেন রোনালদো।
ক্লাব ফুটবলে অবশ্য ততদিনে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন পর্তুগাল তারকা। প্রিমিয়ার লিগের ৩টি ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগের ১টি ও নিজের পাঁচ ব্যালন দ'রের প্রথমটি জিতে ফেলেছিলেন তিনি।
এমবাপেও এখন পর্যন্ত কম যাননি। ফরাসি লিগে এখন পর্যন্ত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ না পেলেও ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ ট্রফি।
তাই রোনালদোর বিদায়ের ৬ বছর পর রেয়ালে যোগ দেওয়া এমবাপেকেই বলা হচ্ছে ক্লাবটির ভবিষ্যৎ কিংবদন্তি। ফরাসি তারকা সেই পথে হাঁটতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। দারুণ ছন্দে থাকা রেয়ালের হয়ে তার জন্য কাজটি তেমন কঠিন হওয়ার কথাও নয়।
তবে আপাতত ছোটবেলার নায়ক, ফুটবলের আদর্শ রোনালদোর বিপক্ষে লড়াইটিই জিততে হবে এমবাপের। আর ক্যারিয়ারের শেষ ইউরোর যাত্রাটা নিশ্চিতভাবেই আরও দীর্ঘায়িত করতে নামবেন রোনালদো।
শেষ পর্যন্ত ফলাফল যা-ই হোক, রেয়াল সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করছে দারুণ এক ম্যাচ।
