পাকিস্তানকে হারিয়ে সেমিতে ওঠাই সাবিনার প্রথম লক্ষ্য
ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াকু ফুটবল দেখে, ফের গোল উৎসবের প্রশ্নে একটু যেন সংশয় ঝরল অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।
সাবিনা খাতুনের কণ্ঠ এবার জোরাল নয় অতটা। শঙ্কার দোলুনিও স্পষ্ট! পাকিস্তানের বর্তমান দলটিকে বাংলাদেশ অধিনায়ক দেখছেন না দুই বছর আগের দৃষ্টিতে। তবে লক্ষ্যের প্রশ্নে সাবিনা আগে মিলিয়ে নিতে চান সমীকরণ। আর সেটা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে জিতে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত করা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বের দেখায় তাদেরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেয়েরা।
মুকুট ধরে রাখার অভিযান শুরুর আগে লোলিতপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের মাঠে শনিবার দুপুরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। পরে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক সাবিনা।
গত আসরে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন তিনি। জালের দেখা পেয়েছিলেন সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। এবার অবশ্য পাকিস্তানের জালে ভুরিভুরি গোলের তেমন সম্ভাবনা দেখছেন না সাবিনা।
“ভারত ও পাকিস্তানের সবশেষ ম্যাচ যদি দেখে থাকেন, গতবার ওরা যেমন ছিল, তার চেয়ে এবার অনেক ভালো দল এবং ভারতের সাথেও তারা চেষ্টা করেছে সমান তালে খেলার। আমার কাছে মনে হয়েছে, পাকিস্তানের গতবারের দলের চেয়ে এবারের দলে বিস্তর ফারাক আছে। তো ম্যাচ সহজ হবে না। আর আমাদের জন্যও বড় চ্যালেঞ্জ, যেহেতু প্রথম ম্যাচ জিতলে সেমি-ফাইনাল নিশ্চিত হবে, চেষ্টা থাকবে (জয়ের), সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
এবার যে লক্ষ্য পূরণ সহজ নয়, তা ঘুরেফিরেই বলেছেন সাবিনা। গত আসরে ৪ গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না দলে নেই। ডিফেন্ডার আঁখি খাতুনের অনুপস্থিতিও আরেকটি দুর্ভাবনার কারণ। সাবিনা অবশ্য আশাবাদী, নতুনরা পূরণ করে দেবে শূন্যতা।
“প্রভাব আসলে পড়বে না। স্বপ্না (সিরাত জাহান) এবং বিশেষ করে আঁখি (খাতুন) এদের অবদান বাংলাদেশ টিমের জন্য ছিল অপরিহার্য। যেহেতু তারা নেই, নতুন খেলোয়াড় আছে, আসলে তাদের জন্য এটা একটা সুযোগ…সবকিছু মিলিয়ে মাঠে আমরা ওদেরকে মিস করব। কিন্তু আমার মনে হয় না, ওদের অনুপস্থিতির প্রভাব মাঠে পড়বে।”
ভারতের বিপক্ষে পাকিস্তান ৫-২ গোলে হেরে আসায় তারা মরণ কামড় দিতে চাইবে বাংলাদেশকে। পাকিস্তান কোচ আদেল রিজকিও বার্তা দিয়েছেন লড়াকু ফুটবল খেলার। প্রতিপক্ষ কোচের বার্তা এবং গ্রুপ সেরা হতে গোল ব্যবধানের হিসাব, সবই ভাবনায় আছে সাবিনার।
“অবশ্যই, আমাদের আসলে প্রথম লক্ষ্য থাকবে শুরুতেই গোল বের করা, নিজেদের জায়গা নিশ্চিত করা। ধাপে ধাপে তো ওই লক্ষ্যটা থাকবেই (বড় ব্যবধানে জেতা), তবে নিরাপদ সবাই থাকতে চাইবে। আমাদের পরিকল্পনা থাকবে, যদি আমরা সুযোগ পাই, সুযোগগুলো যেন মিস না হয়, প্রতিটি খেলোয়াড়ের প্রতি এই বার্তাই থাকবে।”
“আমিও তাই চাই…আমিও বিশ্বাস করি, পাকিস্তান কঠিন লড়াই করবে। কঠিন লড়াই দেওয়া উচিত, দিন শেষে প্রতিটি দল আরও ভালো হলে, প্রতিদ্বন্দ্বিতা বাড়লেই খেলোয়াড়দের উন্নতি হয়। এই জায়গা থেকে আমারও মনে হয়, তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।”
মুকুট ধরে রাখার ভাবনার চাপ এখনই নিতে চাইছেন না সাবিনা। নেপাল-ভুটানের ড্র ম্যাচের উদাহরণ টেনে অধিনায়ক বললেন, চূড়ায় ওঠার সুযোগ আছে সব দলের সামনে!
“আসলে কিছু বলা যাচ্ছে না (আমরা শিরোপা ধরে রাখতে পারব কিনা), গতকালের নেপাল এবং ভুটানের ম্যাচ যদি দেখেন, ম্যাচটি ড্র হয়েছে, এখানে আসলে আনপ্রেডিক্টেবল হচ্ছে ম্যাচগুলো। আমার মনে হয়, প্রতিটি টিমের জন্য…দক্ষিণ এশিয়ায় যে কয়টা দল আছে, সহজভাবে এবার কেউ ট্রফিটা নিতে পারবে না।
