২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনফারেন্স লিগের সেমির প্রথম লেগে নিষিদ্ধ মার্তিনেস

অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে পাবে না অ্যাস্টন ভিলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 08:57 PM

Updated : 19 Apr 2024, 08:57 PM

নিয়মের ফাঁক দিয়ে দুটি হলুদ কার্ড পেয়েও লাল কার্ড এড়ানো এমিলিয়ানো মার্তিনেসকে অবশ্য শাস্তি পেতেই হচ্ছে। উয়েফা কনফারেন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ হয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। 

প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার দুটি হলুদ কার্ড দেখেন মার্তিনেস। লিলের বিপক্ষে এদিন ম্যাচ চলাকালীন সময়ক্ষেপণের দায়ে তাকে প্রথম দফায় হলুদ কার্ড দেখানো হয়। 

পরে টাইব্রেকারে শট ঠেকিয়ে লিলের দর্শকদের দিকে নানারকম ভঙ্গি করতে দেখা যায় মার্তিনেসকে। প্রতিপক্ষের শট নিতে আসা ফুটবলারদের মনোযোগে চিড় ধরাতেও বিচিত্র সব কাণ্ড করতে থাকেন তিনি। রেফারি তাকে প্রথমে সতর্ক করে দেন। তাতেও না থামায় পরে হলুদ কার্ড দেখানো হয় তাকে। 

তবে নিয়ম অনুযায়ী মূল ম্যাচের হলুদ কার্ড বিবেচনায় নেওয়া হয় না টাইব্রেকারের ক্ষেত্রে। দুটি হলুদ কার্ডেও তাই লাল কার্ড দেখতে হয়নি মার্তিনেসকে। পেনাল্টি শুটআউটে লিলের দুটি শট ঠেকিয়ে দিয়ে ভিলাকে ৪-৩ গোলের জয় এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তাতে ১৯৮২ সালের পর প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ চারে পা রাখে ইংলিশ ক্লাবটি। 

এদিনের কার্ডের জন্য অবশ্য নিষেধাজ্ঞা পাননি মার্তিনেস। শেষ আটের প্রথম লেগেও একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। সবমিলিয়ে তিন দফায় হলুদ কার্ড পাওয়ায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। 

সেমি-ফাইনালে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। শেষ চারের লড়াইয়ের প্রথম লেগে দুই দল মুখোমুখি হবে আগামী ২ মে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ৯ মে।