২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপ: ঢাকার প্রস্তুতিতে নিজেদের পরিকল্পনায় দৃষ্টি কাবরেরার

প্রস্তুতির পরের অংশে সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষদের কৌশল, শক্তি-দুর্বলতা নিয়ে ভাবতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2023, 09:26 PM

Updated : 04 Jun 2023, 09:26 PM

সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে জামাল-জিকো-সোহেলদের যোগ দেওয়ার দিন ছিল রোববার। কেউ কেউ আগেভাগে চলে এসে জিমে ঘাম ঝরিয়ে নিয়েছেন। খেলোয়াড়দের এই তাড়না মনে ধরেছে হাভিয়ের কাবরেরার। ক্যাম্পের গোছগাছ সেরে নেওয়ার ফাঁকে জাতীয় ফুটবল দলের কোচ জানিয়েছেন, আপাতত ঢাকার অনুশীলনে ফিটনেস আর পরিকল্পনা গুছিয়ে নিতে কাজ করতে চান তিনি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার থেকে মাঠের প্রস্তুতি শুরু করবেন কাবরেরা। ১০ জুন পর্যন্ত ঢাকায় প্রস্তুতি নিয়ে কম্বোডিয়ার উদ্দেশে উড়াল দেবে দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১৫ জুন প্রস্ততি ম্যাচও আছে। কম্বোডিয়া পর্বে সাফের প্রতিপক্ষদের নিয়ে কাজ করবেন কাবরেরা।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভূটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হবে ২০০৩ সালে প্রথম ও সবশেষ এ প্রতিযোগিতায় শিরোপা জেতা বাংলাদেশের।

৩০ জনকে নিয়ে ক্যাম্পের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। প্রস্তুতির এই অংশে কোচের মূল মনোযোগ নিজেদের কৌশল রপ্ত করা, পরিকল্পনা বাস্তবায়নের পথ খোঁজা আর প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের ফিটনেস পরখ করে নেওয়া।

“ঢাকার প্রস্তুতিতে গুরুত্ব দিব ম্যাচে আমরা কোন কৌশলে এগিয়ে যাব, সেটা রপ্ত করার দিকে। বলতে পারেন, নিজেদের দিকেই বেশি মনোযোগ দিব-আমরা কী করতে চাই, কিভাবে করতে চাই, সেদিকে। এরপর আমরা যখন কম্বোডিয়া যাব, তখন আরও বেশি মনোযোগ দিব প্রতিপক্ষের দিকে। তাদেরকে বিশ্লেষণ করব। গত দুই মাস এগুলো নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি, সব দল নিয়ে কাজ করেছি। আমরা নিজেদের গেম প্ল্যান নিয়ে পুরোপুরি পরিষ্কার; কোথায় উন্নতি করতে চাই, ট্রেনিং সেশনে কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই…। টুর্নামেন্ট যখন কাছাকাছি চলে আসবে, তখন প্রতিপক্ষ নিয়ে ভাবব।”

“শুরু থেকেই আমাদের প্রাধান্য ছিল সাফ। এটা নিয়ে আমরা গত নভেম্বর থেকে পরিকল্পনা করেছি। সাফের ড্র নিয়েও আমরা ইতিবাচক। আমি বিশ্বাস করি, এই ‍টুর্নামেন্টে ছেলেরা দারুণ ফর্মে থেকে যাবে। তবে প্রস্তুতির সময় আমাদের এই টুর্নামেন্টের চাপ নিয়ে সতর্ক থাকতে হবে। তবে আমরা ভালো কিছু করার জন্য প্রস্তুত এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে চাই।”

জামাল ভূইয়া, তপু বর্মনদের মতো অভিজ্ঞদের পাশাপাশি স্কোয়াডে আছে শেখ মোরসালিন, মোহাম্মদ ‍হৃদয়ের মতো তরুণরাও। প্রস্তুতির শুরুতে সবার শক্তি-দুর্বলতা খুটিয়ে দেখে ২৭ জনের দল বেছে নিতে চান কাবরেরা।

“অনেকে আগেভাগেই ক্যাম্পে চলে এসেছে, ইতোমধ্যে জিমও করেছে। চারপাশে খুবই ইতিবাচক আবহ, সবাই দেখাতে চাইছে তারা প্রস্তুত এবং সাফ খেলতে যাওয়া দলের অংশ হতে চায়। সোমবার থেকে বৃহস্পতিবার অনুশীলন করব। এই সময়ে সব খেলোয়াড়কে পরখ করতে চাই। আশা করি, ২৭ জনের দল বৃহস্পতিবার বাছাই করব।”

কাবরেরা ২৩ জনের দল চূড়ান্ত করতে চান আরও পরে। তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার জন্য যে লড়াই চলছে, তা বেশ উপভোগ করছেন এই স্প্যানিশ কোচ।

“নতুনদের কাছে যদি আমার কোনো প্রত্যাশা না থাকত, তাহলে তাদেরকে তো ডাকতাম না। নতুন ও সিনিয়র যারা এখানে আছে, আমি নিশ্চিত দলে প্রভাব রাখার সামর্থ্য তাদের আছে। ২৩ জনকে বেছে নেওয়া আমার জন্য সহজ হবে না। ৩০ জনকে ডাকাও সহজ বিষয় ছিল না, তবে এটা যে কোনো কোচের জন্যই ভালো বিষয়। আমি মনে করি, নতুন যারা এসেছে তারা সিনিয়দের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে এবং এটা আমার কাছে ভালো বিষয়।”

“তালিকায় আপনারাও নতুন খেলোয়াড় দেখছেন। কিছু নতুন এবং তরুণ খেলোয়াড় আছে স্কোয়াডে, যেটা আমাদের জন্য, দল এবং আমাদের সমর্থকদের জন্য দারুণ ব্যাপার। আমরা ইতিবাচক। এই ছেলেদের ট্রেনিংয়ে দেখতে চাই, যদিও লিগে তাদেরকে আমরা দেখেছি, কিন্তু অনুশীলনে দেখতে চাই আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য তারা কতটা প্রস্তুত।”