২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের

দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 07:33 PM

Updated : 13 Jul 2023, 08:14 PM

শুরুতে ছন্নছাড়া বাংলাদেশ দেরিতে হলেও গুছিয়ে উঠল। জাতীয় দলে অভিষেকের ক্ষণ শাহেদা আক্তার রিপা রাঙালেন সাবিনা খাতুনের গোলের সুর বেঁধে দিয়ে। গোলটি আগলে রেখে জয়ের পথেই ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না জাল অক্ষত রাখতে। অন্তিম মুহূর্তে গোল করে হার এড়াল নেপাল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

গত বছরের সেপ্টেম্বরে কাঠমাণ্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফে প্রথম শিরোপা জিতেছিল সাবিনা-কৃষ্ণারা। এরপর এই প্রথম দেখা হলো দুই দলের।

দীর্ঘ বিরতির ছাপ শুরুর খেলায়

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার জড়তা ফুটে উঠল বাংলাদেশের খেলায়। সাবিনা-মারিয়া-কৃষ্ণারা তেমন চেপে ধরতে পারছিলেন না নেপালকে। বরং সাবিত্রা ভান্ডারি, প্রীতি রায়রা বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকেন।

ষোড়শ মিনিটে ভালো একটি সুযোগ পায় বাংলাদেশ। ডান দিক থেকে শিউলি আজিমের ক্রসে বক্সে বল পেয়ে যান সাবিনা। নিজে শট না নিয়ে অধিনায়ক বাড়ান কৃষ্ণার উদ্দেশ্যে, কিন্তু ডিফেন্ডারের চার্জে বলের নাগালই পাননি এই ফরোয়ার্ড।

পরের মিনিটে পাল্টা আক্রমণে ওঠে নেপাল। সতীর্থের লং পাসের নাগাল সাবিত্রা পাওয়ার আগেই ছুটে গিয়ে বিপদমুক্ত করেন গোলরক্ষক রুপনা চাকমা।

গোলশূন্য প্রথমার্ধ

আক্রমণে ধারাল না থাকলেও রক্ষণ জমাট রাখে বাংলাদেশ। শিউলি, শামসুন্নাহার, মাসুরা পারভীন কড়া পাহারায় রাখেন নেপালের সর্বোচ্চ গোলদাতা সাবিত্রাকে। দুর্বল হেডে ও শটে দু-এটা সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু সাফ জয়ী গোলরক্ষককে পরীক্ষা নেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।

মাঝমাঠে মনিকা চাকমা ও মারিয়া মান্দা মোটামুটি নিয়ন্ত্রণ রাখলেও সাবিনা, কৃষ্ণাদের জন্য তৈরি করে দিতে পারেননি পরিষ্কার সুযোগ।

রিপার অভিষেক

৫৫তম মিনিটে সাবিত্রার দূরপাল্লার শট যায় ক্রসবারের উপর দিয়ে। চার মিনিট পর সানজিদাকে তুলে শাহেদা আক্তার রিপাকে নামান কোচ লিটু। বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানো ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক হলো জাতীয় দলে।

রিপার অ্যাসিস্ট, সাবিনার গোল

মাঠে নামার খানিক বাদেই সাবিনার গোলের সুর বেঁধে দেন রিপা। ৬৪তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে সাবিনার উদ্দেশে বল বাড়ান তিনি। নিয়ন্ত্রণ নিয়ে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন অধিনায়ক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি।

রুপনার দারুণ সেভ

৭৩তম মিনিটে নিশ্চিত গোল আটকে বাংলাদেশকে জয়ের পথে রাখেন রুপনা। ডান দিকের বাইলাইনের একটু উপর থেকে সাবিত্রার কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে যান রাশমি কুমারি ঘিসিং। তার শট ফিস্ট করে ফেরান রুপনা। এরপর ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলরক্ষকের গায়ে মেরে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন সাবিনা।

একটু পর তহুরা খাতুন ও কৃষ্ণা রানী সরকারকে তুলে ঋতুপর্না ও সুমাইয়া মাতসুশিমাকে বদলি নামান কোচ। রিপার মতো জাতীয় দলের হয়ে অভিষেক হলো মাতসুশিমারও।

সাবিত্রার গোলে সমতা

সমতায় ফিরতে মরিয়া নেপাল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায়। ডান দিক থেকে বক্সে বল বাড়িয়েছিলেন সাবিত্রা। ডিফেন্ডাররা সুযোগ পেলেও ক্লিয়ার করতে পারেননি। কয়েক পা ঘুরে ফের যায় সাবিত্রার পায়ে। জটলার ভেতর থেকে সুযোগ কাজে লাগান এই ফরোয়ার্ড।

রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।