১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফিফা কেলেঙ্কারি: ঘুষ দেওয়ার কথা স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের

বিচারের মুখোমুখি না হতে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর স্বীকারোক্তি দিয়েছেন এই দুই স্পোর্টস মার্কেটিং এক্সিকিউটিভ।

ফিফা কেলেঙ্কারি: ঘুষ দেওয়ার কথা স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 03:25 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং এক্সিকিউটিভ। লাভজনক সম্প্রচার স্বত্ব পেতে ফুটবল অফিসিয়ালদের ঘুষ দেওয়ার কথা নিশ্চিত করেছেন তারা।

বিচারের মুখোমুখি না হতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এই স্বীকারোক্তি দিয়েছেন বাবা উগো হিনকিস ও ছেলে মারিয়ানো হিনকিস।

ফিফায় দুর্নীতি নিয়ে ২০১৫ সালে করা একটি বিস্তৃত তদন্তের পর, এই দুইজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। ওই তদন্তে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল কনফেডারেশনগুলোতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের ওই তদন্তে জুরিখে ফিফার কর্মকর্তাদের কার্যালয়ে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, পরে বিচারে কয়েকজনকে দোষী সাব্যস্তও করা হয়। এর পাশাপাশি অনেকে দোষ স্বীকারও করে নেন।

একটি স্থগিত প্রসিকিউশন চুক্তির (ডিপিএ) অধীনে, হিনকিসদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে তারা স্বীকার করেছেন, ফিফা, কনকাকাফ ও কনমেবলের সঙ্গে প্রতারণা করে সুবিধা নেওয়ার একটি পরিকল্পনা করেছিলেন।

এই চুক্তির অংশ হিসেবে তারা ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে দিতেও সম্মত হয়েছেন।

আদালতের নথিতে বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া এবং মার্কেটিং স্বত্ব অর্জনের প্রচেষ্টায় সহায়তা পেতে ফুটবল কর্মকর্তাদের ‘কয়েক লাখ ডলার বাণিজ্যিক ঘুষ দিতে সম্মত হয়েছিলেন এবং তা প্রদানও করেছিলেন’ হিনকিস বাবা-ছেলে।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, আর্জেন্টাইন স্পোর্টস মার্কেটিং কোম্পানি ‘ফুল প্লে’ এর সহ-মালিক হিনকিসরা বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকাসহ বিভিন্ন ম্যাচের মিডিয়া স্বত্ব নিতে এই ঘুষ প্রদান করেছিলেন।