প্রিলিমিনারি রাউন্ডেই থামল পুলিশ এফসির পথচলা
সিরিয়ার দল আল-ইত্তিহাদের বিপক্ষে হেরে গেছে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাওয়া পুলিশ এফসি।
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার রোমাঞ্চ সঙ্গী থাকলেও, মাঠের লড়াইয়ে পেরে উঠল না পুলিশ এফসি। প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিদায় নিল বাংলাদেশ ফুটবল লিগের দলটি।
জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে মঙ্গলবার সিরিয়ার দল আল-ইত্তিহাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পুলিশ এফসি। তাতে বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে আসরের মূল পর্বে যাওয়া হলো না তাদের।
মঙ্গলবারই বসুন্ধরা কিংস অ্যারেনায় উজবেকিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে হারিয়ে মূল পর্বে ওঠে ফর্টিস এফসি।
সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ম্যাচটি হয়েছে জর্ডানের নিরপেক্ষ ভেন্যুতে। দুই দলের খেলায় ছিল না তেমন উত্তাপ।
প্রথম ভালো সুযোগটি পায় পুলিশ এফসি। পঞ্চদশ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে এনগং স্যামের সামনে সুযোগ ছিল দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার। কিন্তু ক্যামেরুনের এই ফরোয়ার্ড বক্সের কিছুটা বাইরে থেকেই শট নেন, বল সরাসরি যায় গোলরক্ষকের কাছে।
প্রথমার্ধেই এগিয়ে যায় আল-ইত্তিহাদ। কর্নারের পর কয়েক সতীর্থের পা ঘুরে দূরের পোস্টে বল পেয়ে হেডে জালে জড়ান জর্দান রদ্রিগেস। ঠিক সেই সময় তার এক সতীর্থের হাতে বল লেগেছিল বলে দাবি জানায় পুলিশ এফসি, যদিও রেফারি সাড়া দেননি।
দ্বিতীয়ার্ধেও খেলার গতি বাড়েনি। গত মৌসুমের ফুটবল লিগে চতুর্থ হওয়া পুলিশ এফসি পারেনি চমকপ্রদ কিছু করতে।
