২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

ফিফার ফুটবল ট্র‍াইব‍্যুনালের প্লেয়ার স্ট‍্যাটাস চেম্বার থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন যুক্তরাজ‍্য প্রবাসী এই ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ইংল‍্যান্ড ফুটবল অ‍্যাসোসিয়েশন (এফএ) অনাপত্তি পত্র দেওয়ার পর আর কেবল একটিই বাধা ছিল হামজা চৌধুরীর সামনে। এবার সরে গেল সেটাও। ফিফার ফুটবল ট্র‍াইব‍্যুনালের প্লেয়ার স্ট‍্যাটাস চেম্বার থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন যুক্তরাজ‍্য প্রবাসী এই ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা।

এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর গত অগাস্টের শেষ দিকে তার জন্য এনওসি (নো অবজেশন সার্টিফিকেট) চেয়ে এফএ-কে চিঠি দেয় বাফুফে। এফএ-এর কাছ থেকে ছাড়পত্র মেলায় পরের মাসে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির দুয়ারে যায় তারা। সেখান থেকে অনুমতি মেলার খবর জানাল বাফুফে।

“বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত‍্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ‍্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।”

“বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশা করে, হামজা চৌধুরীর অন্তর্ভূক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন‍্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল‍্যের সমূহ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।”

প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূাঁইয়া।