‘ক্লাব যতদিন চাইবে, ততদিন থাকব’, রেয়াল মাদ্রিদের নতুন কোচ
রেয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত আলভারো আরবেলোয়া।
রেয়াল মাদ্রিদের সঙ্গে আলভারো আরবেলোয়ার সম্পর্ক বেশ পুরোনো। এবার পেয়েছেন বড় দায়িত্ব। এখন ইউরোপের সফলতম ক্লাবটির প্রধান কোচ তিনি। দায়িত্বের মেয়াদ কত দিনের, অন্তর্বর্তীকালীন নাকি স্থায়ী কোচ; সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তবে সেসব নিয়ে একদমই ভাবছেন না সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন সোমবার রেয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাবি আলোন্সো। সাত মাসেই শেষ হয়ে গেছে ক্লাবটির সাবেক এই মিডফিল্ডারের ডাগআউটের অধ্যায়।
একটু পরই আরেকটি বিবৃতিতে আরবেলোয়াকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
খেলোয়াড়ী জীবনের বেশিরভাগ সময় রেয়াল মাদ্রিদে কাটানো আরবেলোয়া ২০২৫ সালের জুন থেকে ক্লাবটির ‘বি’ দলের কোচের দায়িত্ব পালন করছিলেন। তার আগে ২০২০ থেকে ক্লাবের যুব একাডেমির কোচ ছিলেন তিনি।
এই প্রথম তিনি কোনো সিনিয়র দলের দায়িত্ব পেলেন। আগামী শনিবার ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া আরবেলোয়া মঙ্গলবার রেয়ালের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে বললেন, নতুন দায়িত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি।
“এটি বিশেষ দিন। মাদ্রিদের অংশ হওয়ার আগের দিনগুলোর মতোই। আমার বয়স প্রায় ৪৩ বছর এবং এখানে আমি ২০ বছর ধরে আছি, আমার জীবনের অর্ধেক। এটি ইতিহাসের সেরা ক্লাব। আমার দায়িত্ব সম্পর্কে আমি অবগত ও আমি খুবই রোমাঞ্চিত।”
“রেয়াল মাদ্রিদ আমাকে যতদিন চাইবে, ততদিন থাকব। এটি আমার বাড়ি, এমনটিই অনুভব করি আমি।”
বিদায়ী কোচ আলোন্সোর সঙ্গে কথা হয়েছে বলে জানালেন আরবেলোয়া। তবে সেসব আলোচনার বিস্তারিত প্রকাশ করতে চাইলেন না তিনি।
“গতকাল বিকালে আমাকে জানানো হয়, শাবি ও ক্লাব একটি চুক্তিতে পৌঁছেছে এবং তারা চায় যে আমি দায়িত্বটা নিই। অবশ্যই আমি শাবির সঙ্গে কথা বলেছি। এখানকার সবাই জানে আমরা কতটা ঘনিষ্ঠ। আমি তার খুব প্রশংসা করি এবং তাকে পছন্দ করি।”
“শাবির সঙ্গে আমার আলোচনা আমাদের মধ্যেই থাকবে। আমি সত্যিই আমার প্রথম ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি, আমরা কোপায় (কোপা দেল রে) সবকিছুর জন্য খেলছি। আমার কাছে অসাধারণ একটা দল আছে। শুরুর জন্য আমার তর সইছে না।”
কোপা দেল রের শেষ ষোলোয় বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযান শুরু হবে আরবেলোয়ার।
তার সামনে বড় চ্যালেঞ্জ থাকবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগে রেয়াল আছে দুই নম্বরে, শিরোপাধারী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
