মেসি-দি মারিয়াদের সাবধান করে কোচ বললেন, ‘কঠিন লড়াই অপেক্ষা করছে’
লিওনেল স্কালোনি মনে করেন, অতীতের কোনো সাফল্যের প্রভাব নতুন টুর্নামেন্টে পড়ে না।
অতীতের সাফল্য নিয়ে আলোচনায় একটু ভালো লাগা কাজ করতে পারে, এর বেশি কিছু নয়। লিওনেল স্কালোনি জানেন, নতুন টুর্নামেন্টে ফের শূন্য থেকে শুরু করতে হবে তার দলকে। তাই লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের সতর্ক করে আর্জেন্টিনা কোচ বললেন, কোপা আমেরিকায় তাদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।
এখনও চলমান সবচেয়ে পুরোনো মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকার এবারের আসর বসছে যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টের ৪৮তম আসরে দক্ষিণ আমেরিকার ১০, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৬ দল অংশ নিচ্ছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় উদ্বোধনী ম্যাচে জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মলনে স্কালোনি দলকে সাবধান করে দিয়ে বললেন, ইউরোপ কিংবা লাতিন আমেরিকার দলগুলোর চেয়ে কোনো অংশে কম নয় কানাডা। তাদের হারাতে ফের নিজেদের সেরাটা মেলে দিতে হবে মেসি, দি মারিয়াদের।
“যা ঘটে গেছে তা নিয়ে আমরা কথা বলি। (বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা) খুব ভালো ব্যাপার ছিল, তবে সেগুলো এখন অতীত।”
“ফুটবল ম্যাচ সবই আলাদা। অন্যগুলোর চেয়ে সহজ, এমন কোনো ম্যাচ এখানে নেই। অনেক কিছুই ঘটতে পারে। ফ্রান্স, ব্রাজিল কিংবা কানাডা একই রকম কঠিন (প্রতিপক্ষ) হতে পারে।”
অধিনায়ক মেসি আগেই বলেছিলেন, ভীষণ কঠিন হবে এবারের কোপা আমেরিকা। শিরোপা লড়াইও থাকবে উন্মুক্ত। স্কালোনির কণ্ঠে শোনা গেল সেই সুর।
“সব সময়ের মতো এবারের কোপা আমেরিকাও কঠিন হবে। যা আসবে তার জন্য আমরা প্রস্তুত।”
২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। ২০১৯ সালে বিদায় নিয়েছিল সেমি-ফাইনাল থেকে। কানাডা ম্যাচের আগে ৪৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী কোচ বললেন, তার দলের সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বূপূর্ণ ব্যাপার হলো, খেলা উপভোগ করা।
“শিরোপার বাইরেও আমরা খুব উপভোগ করি। কীভাবে (খেলোয়াড়রা) নিজেদের সবটুকু উজাড় করে দেয়, তা দেখাটা খুবই উপভোগ্য। এ কারণেই আমরা সব অর্জন করতে সক্ষম হয়েছি। আমি দেখিয়েছি যদি ২০১৯ আসরের মতো জিততে নাও পারি তবুও আমরা এগিয়ে যাব এবং দেখাব কী করতে পারি।”
‘এ’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।
