‘এই মৌসুমে কয়েকবার মেজাজ হারিয়েছেন আনচেলত্তি’
কার্লো আনচেলত্তির কোচিংয়ে চলতি মৌসুমে বেশ সংগ্রাম করতে হচ্ছে রেয়াল মাদ্রিদকে।
শান্ত স্বভাবের কোচ হিসেবে ফুটবল বিশ্বে আলাদা পরিচিতি আছে কার্লো আনচেলত্তির। তবে কখনও কখনও অভিজ্ঞ এই ইতালিয়ান কোচও ধারণ করেন রুদ্রমূর্তি। রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া যেমন বললেন, এই মৌসুমে বেশ কয়েকবার দলের ওপর মেজাজ হারিয়েছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে সংগ্রাম করতে হচ্ছে আনচেলত্তির রেয়ালকে। লা লিগায় সবশেষ তিন ম্যাচে তারা জয়হীন। বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।
মৌসুমে বার্সেলোনার বিপক্ষে দুবারের দেখায় লা লিগায় ৪-০ ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে হেরেছে তারা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে তারা হেরেছে লিল, এসি মিলান ও লিভারপুলের বিপক্ষে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতেও ব্যর্থ হয় রেয়াল। শেষ ষোলোর প্লে-অফে খেলতে হচ্ছে তাদের। যেখানে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে তারা জিতেছে ৩-২ গোলে। বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।
ক্যারিয়ারে বেশ কয়েক জন কোচের সঙ্গে কাজ করেছেন কোর্তোয়া। ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রিও ফার্ডিনান্ডের সঞ্চালনায় একটি পডকাস্ট-এ আলাপে বেলজিয়ান গোলরক্ষক তুলে ধরলেন কোন কোচের স্বভাব কেমন।
“ক্যারিয়ারে (আন্তোনিও) কন্তের মতো (কোচ) পেয়েছি, যিনি পাগলের মতো চিৎকার করতেন। এটা আসলে ব্যক্তিত্বের ব্যাপার। আমার মনে হয় (জিনেদিন) জিদান বেশি শান্ত ছিলেন... কার্লোও (আনচেলত্তি) শান্ত, যদি না সত্যিই তেমন কিছু ঘটে, যেমনটা এই মৌসুমে কয়েকবার ঘটেছে।”
“তবে আমি বিষয়টি পছন্দ করি। কারণ শান্ত স্বভাবের মাঝেই কোনো বিশেষ মুহূর্তে রেগে যাওয়া, এর একটা ভারসাম্য পছন্দ করি আমি। কারণ, তখন কথার প্রভাব থাকে।”
